পয়েন্ট অব ভিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পয়েন্ট অব ভিউ থেকে আপেক্ষিকতার নতুন সূত্র, ‘এখানে প্রত্যেক ঘটনারই দুই বা ততোধিক অসমান এবং সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি আছে, যার একটি অপরটিকে নিষ্ক্রিয় করে।’ একটি সরকারি দৃষ্টিভঙ্গি, আরেকটি বিরোধীদলীয় দৃষ্টিভঙ্গি আর অপরটি জনগণের দৃষ্টিভঙ্গি। পৃথিবীটা এত বিচিত্র কেন জানেন? কারণ, পৃথিবীর মানুষের দৃষ্টিভঙ্গিটাও বিচিত্র। যে জিনিস বাচ্চাদের কাছে স্রেফ খেলনা, সেটা আবার বড়দের কাছে অন্য কিছু! আমি খেলনা পিস্তলের কথা বলছিলাম।ধরুন হরতালের কথা। সরকারি দৃষ্টিভঙ্গিতে এটি অরাজনৈতিক, এটি দেশ ও জনগণের জন্য অকল্যাণকর। এবার যদি আপনি বিরোধীদলীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে হরতাল একটি গণতান্ত্রিক অধিকার, শোষকের হাত থেকে দেশ ও দেশবাসীকে রক্ষার আন্দোলন। কোথায় যাবেন আপনি? আবার রিকশাওয়ালা-সিএনজিওয়ালাদের জন্য বিষয়টা পৌষ মাস, আর সাধারণ পাবলিকের জন্য? বলার অপেক্ষা রাখে না। যে দেশকে ভালোবেসে সরকার বিরোধী দলের কর্মীদের আইন ভঙ্গ করার অপরাধে জেলে ঢুকাল, সেই একই দেশকে ভালোবেসে বিরোধী দল ওই নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে হরতাল দিল! আদতে ঘটনা কিন্তু ঘটেছে একটা। কিন্তু দুজনের অবস্থান দুই মেরুতে! প্রধানমন্ত্রী বলছেন, বিরোধীদলীয় নেত্রীর বিচার করা না গেলে অন্যদের করা যাবে না, আর বিরোধীদলীয় নেতা বলছেন, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত, বিচার হবে। দেশও কিন্তু একটা, শুধু দৃষ্টিভঙ্গির বিচিত্রতার কারণে দেশপ্রেমের বহিঃপ্রকাশটাও বিচিত্র! এটা ভালো, প্রতিনিয়ত সাধারণ জনগণ দেশপ্রেমের অনেকগুলো ডাইমেনশন উপভোগ করতে পারে! আপাতত দুজনকেই দুইটা লাইক দিলাম পরস্পরের ব্যাপারে সত্য কথা তুলে ধরার জন্য!একটা জরিপ! একই দেশ একই প্রধানমন্ত্রী—এবং তাঁর একই কাজ। ৭৭ শতাংশের মতে তিনি জনপ্রিয়। বাকি ২৩ ভাগ ভাবছে উল্টো। এই জরিপ যখন নেওয়া হয়েছে তখন করিম চাচার মতো অনেকের মতামত নেওয়া হয়নি। করিম চাচা ভাবছেন সম্পূর্ণ অন্য বিষয়! এটা তাঁর দৃষ্টিভঙ্গি!আসুন টম অ্যান্ড জেরির জীবনে—মানে ইঁদুর-বিড়ালের জীবনে। বিড়ালের জন্য যেটা খেলা, ইঁদুরের জন্য সেটা জীবন নিয়ে টানাটানি। আমাদের সমাজেও চলছে এই টম অ্যান্ড জেরি খেলা। জিনিসপত্রের দাম বাড়লে কিংবা বাড়িয়ে ব্যবসায়ীরা লাভবান হন, আর জনগণকে বলা হয় কম খেতে! আইনশৃঙ্খলার অবনতিতে জনগণের দুশ্চিন্তার শেষ নেই, এসবের দায়দায়িত্ব যাঁদের ঘাড়ে, তাঁরা বলছেন, দেশ একদম ঠিকঠাক চলছে, আইনশৃঙ্খলা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো! পত্রপত্রিকায় লেখালেখি হয়, সরকারি দলের মতে, সবই বানোয়াট, তাদের ভালো কাজের হিংসায় মরে যাচ্ছে পত্রিকাওয়ালারা! বিরোধী দলের আর্তচিৎকারে সরকারি দল অট্টহাসিতে ফেটে পড়ে! আমরা সাধারণ জনগণ পাঁচ বছর অপেক্ষা করি, এরপর দেখি, মন্দের ভালো কে? পরেরবার তাকেই পাঠাই ক্ষমতায়। আর পরের পাঁচ বছর? মাথা ঠুকি দেয়ালে! আবার আসুন ট্রাফিক পুলিশ আর গাড়ির ড্রাইভারের কাছে! দুজন দুজনকে দেখতে পারে না, অথচ দুজন দুজনের অপেক্ষায় থাকে। পুলিশ ভাবে, কখন গাড়ি আসবে, কখন হাতে কাঁচা টাকা আসবে! আর ড্রাইভার ভাবেন, কখন ঘুষ দিয়ে আজকের ঝামেলাটা নিষ্পত্তি করবেন! গাড়ির প্রসঙ্গ যখন এলই, বড়লোক ভাবে, একটা নতুন গাড়ি না হলে আর প্রেস্টিজ থাকছে না! আর গরিব ভাবে, এত গাড়ি কেন রাস্তায়! আপনি যখন রিকশায় বসবেন, দেখবেন, রাস্তার সব অনিয়মের জন্য দায়ী সিএনজিচালিত অটোরিকশা, বাস আর প্রাইভেট কারগুলো। বেশ, আবার এই আপনিই যখন অটোরিকশা কিংবা প্রাইভেট কারে বসবেন, দৃশ্যপট ভিন্ন, দেখবেন জ্যামের জন্য আসলে দায়ী হচ্ছে রিকশা আর বাস। আর বাসে বসলে, রাস্তায় আর কারও থাকারই অধিকার থাকা উচিত না! এবার দেখি গাড়ির ড্রাইভার কী ভাবছেন? ড্রাইভার ভাবেন, এতগুলো যাত্রীর জীবন-মরণ এখন আমার হাতে! জীবনে এর চেয়ে মধুর সময় আর কী! খুশিতে ড্রাইভারের মনে মিউজিক বাজে, আনন্দে চোখের পাতায় ঘুম নেমে আসে। আর অন্যদিকে যাত্রীরা ভাবে, এতগুলো মানুষের জীবন-মরণ ওই একটা লোকের হাতে! কোনোমতে বেঁচে পৌঁছাতে পারলেই বাঁচি! গোটা পথ দুচোখের পাতা বেশিক্ষণ একত্রে থাকে না। ইহাকেই বলে পয়েন্ট অব ভিউ!আসুন করপোরেট অফিসের অ্যাকাউন্টসে। যে টাকা কর্মচারীদের বেতন, সেই টাকাই আবার কিছুদিন ব্যাংকে রেখে দিতে পারলে মালিকপক্ষের ইন্টারেস্ট। ফলে মাসের ঠিক সময়ে বেতন হচ্ছে না বলে একদিকে কর্মচারীদের আহাজারি, অন্যদিকে মালিকপক্ষের চিত্তবিনোদন, বগল বাজানো! ধরুন, প্রেমের ক্ষেত্রে। মেয়ের মা-বাবার দাবি, ছেলে বখাটে। মেয়ের দাবি, এমন ছেলে এই সমাজে দুটি নেই। আবার ছেলের মা-বাবা ভাবেন, মেয়েটা ছলেবলে ছেলের মাথা খেয়েছে। ছেলের মতে, এমন সুন্দর চেহারার সঙ্গে সুন্দর মনের মিল ইতিহাসে সব সময় পাওয়া যায় না! স্রেফ দৃষ্টিভঙ্গি।আপনার একটা দামি মোবাইল সেট আছে? ধরুন, আপনি ধার-কর্য করে অনেক কষ্টে শখের মোবাইল সেটটি কিনেছেন। আপনি রাস্তায় বের হওয়ার পর থেকে বাসায় পৌঁছা অবধি আতঙ্কে থাকেন, কখন কোন রাস্তায়, কোন চিপাগলিতে ঠেক দিয়ে ছিনতাইকারী সেটটি ছিনিয়ে নেয়। আর অন্যদিকে ছিনতাইকারী ভাবছে, ওই ব্যাটার নিশ্চয় অনেক টাকা! ওর একটা মোবাইল গেলে আরেকটা কিনতে পারবে। আর ঘটনার দশ হাত দূরত্বে ব্রিটিশ রয়্যাল গার্ডের মতো দাঁড়িয়ে থাকা নির্বিকার পুলিশ ভাবে, ওটা ওদের ব্যক্তিগত সমস্যা, নিজেরা মিটিয়ে নিক!এবার আসুন গ্লোবালি! উন্নত দেশগুলো আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে প্রতিবছর ঋণ দেয়। ঋণ দেওয়ার সময় তাদের মনে কিছু একটা নিশ্চয় থাকে, কিছু শর্ত তো থাকেই। ধরি, তারা ভাবে, অনুন্নত দেশগুলোকে ঋণ দিয়ে উন্নত হতে সাহায্য করবে। কিংবা ধরি, তারা ভাবে, ‘ওরে অনুন্নত দেশ, ঋণ দিয়ে দিয়ে তোদের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দেব যে তোরা মেরুদণ্ডহীন কেঁচোতে পরিণত হবি। তখন তোদের বড়শিতে গেঁথে আটলান্টিকে মাছ শিকার করব!’ আর সেই ঋণ আসবে শুনলে আমরা উন্নয়নশীল দেশের জনগণ ভাবি, আহা! দেশটা বুঝি এবার একটু এগিয়ে যাবে। আর এমপি-মন্ত্রী-সচিবেরা চোখ গোল গোল করে, লালায়িতভাবে ভাবেন, যাক এল তাহলে শেষ পর্যন্ত! ওই যে দৃষ্টিভঙ্গি!সুস্থ মানুষের সঙ্গে পাগলের পার্থক্য কী জানেন? সুস্থ মানুষ ভাবে, ব্যাটা একটা বেকুব; কাজকাম বাদ দিয়ে সারা দিন রোদে দাঁড়িয়ে, রাস্তায় ঘুরেফিরে, কষ্ট করে কী যে সুখ পায়, কে জানে! আর পাগলটা কী ভাবে জানেন, ব্যাটারা সব কটা বেকুব; ভোট দিয়ে, রাস্তায় জ্যামের ভেতর সেদ্ধ হয়ে, নয়টা-পাঁচটা অফিস করে, ঠিকমতো বেতন না পেয়ে, বিচার না পেয়ে, লোডশেডিংয়ে কষ্ট করে, এখনো কী করে সুস্থ থাকার ভান করছে! এবার আপনিই ভাবুন, আপনি কোনটা ভাববেন?কোনো ইস্যুতেই এ দেশের মানুষ আর একত্র হতে পারছে না। কারণ, সরকারি হিসাবে প্রায় ১৬ কোটি মানুষ, মানে ১৬ কোটি দৃষ্টিভঙ্গি! দৃষ্টিভঙ্গি পাল্টালেই যে জীবন-যৌবন সবকিছু পাল্টে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাও স্রেফ যার যার পয়েন্ট অব ভিউ থেকে!