ফকিরের কেরামতি ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মছইন্যাপাড়ায় গত রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে দুই ভণ্ড ফকিরকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: ওই এলাকার দিনমজুর হাবিবুর রহমানের দুই ছেলে মোহাম্মদ হাসেম (৩০) ও মোহাম্মদ নাছির (২৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিবুর রহমান (৬২) পালিয়ে যান।তিন মাস ধরে ওই এলাকায় আখড়া খুলে পিতাসহ দুই ছেলে গ্রামের সহজ-সরল নারী-পুরুষের কাছ থেকে প্যারালাইসিসসহ নানা রোগের চিকিৎসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তবারক খাওয়ানোর কথা বলে আদায় করেন গৃহপালিত গরু, ছাগল ও হাঁস-মুরগি। তাঁদের অপচিকিৎসায় মারা গেছেন দুজন।স্থানীয় লোকজন জানায়, তিন মাস আগেও এই তিন ফকির বর্গাজমিতে কৃষিকাজ ও পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। আখড়ায় ফকির আবুল হাশেম প্যারালাইসিস, ডায়াবেটিস, হাঁপানি ও যক্ষ্মাসহ সব জটিল রোগের চিকিৎসা করতেন। প্যারালাইসিস রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতেন লাথি মেরে। ডায়াবেটিস রোগীদের খাওয়ানো হতো গরম পানি। ফকির নাছির উদ্দিন প্রেম-বিরহ-ভালোবাসা, স্বামী-স্ত্রীর মিল, জাদুটোনা থেকে রক্ষাসহ নানা বালামুছিবতের তাবিজ ও পানিপড়া দিতেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেন পুলিশ নিয়ে ওই আখড়ায় যান। তারপর দুই ভণ্ড ফকিরকে গ্রেপ্তার করে চকরিয়া থানায় নিয়ে আসেন। ফকিরের অপচিকিৎসায় হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ার হাবিবউল্লাহর ছেলে আমির হোসেন ওরফে পুতন আলী (৬০) ও বরইতলী ইউনিয়নের উত্তর পহরচাঁদা এলাকার সুলতান আহমদের স্ত্রী রুহ্জা খাতুন (৬৫) মারা গেছেন বলে দাবি করেন স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন বাবর।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া দুই ভণ্ড ফকিরকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এঁদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। অপচিকিৎসার শিকার হয়ে মারা যাওয়া ব্যক্তির স্বজনেরা মামলা করলে তা-ও গ্রহণ করা হবে। অপচিকিৎসা প্রসঙ্গে (থানা হাজতে) ফকির আবুল হাসেম স্থানীয় সাংবাদিকদের জানান, তিন মাস আগে তাঁর বৃদ্ধ বাবা (হাবিবুর রহমান) স্বপ্নে সকল রোগ সমাধানের ওহি পান। এরপর লোকজনের সেবা দিতে আখড়া খোলেন। সেবার বিপরীতে তাঁরা মাত্র পাঁচ টাকা করে নিতেন। আখড়ায় তবারকের জন্য একটি ডেকচি বসিয়ে রাখা হয়। সেখানে যে যা পারতেন মুক্তহস্তে দান করতেন। অনেকে মানত করে গরু, ছাগল, মুরগি, কবুতর দান করতেন। এসব জবাই করে রোগীদের খাওয়ানো হতো। সনদ ছাড়া প্যারালাইসিস, হাঁপানিসহ জটিল রোগের চিকিৎসা প্রসঙ্গে অশিক্ষিত ফকির আবুল হাসেম জানান, ‘রোগীর চিকিৎসা ওহির মাধ্যমে জেনে যাই। এতে কারও কোনো ক্ষতি হচ্ছে না।’চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেন জানান, ভণ্ড ফকিরেরা গ্রামের সহজ সরল নারী-পুরুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছিল। খবর পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।