ফজলুল হকের শখের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসার ঘরে ঢুকতেই চোখ আটকে গেল দেয়ালে। কালো ফ্রেমে চারটি চিঠি বাঁধাই করে রাখা। এর মধ্যে একটি চিঠি এসেছে ১৯৬৪ সালের ১৩ অক্টোবর। প্রেরকের ঠিকানা নাইজেরিয়ার কেবিনেট অফিস। প্রেরক নাইজেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবু বাকর তাফাওয়া বালেওয়ার প্রধান ব্যক্তিগত সহকারী আদামু ইউসুফ। প্রাপক আবুল খায়ের মো. ফজলুল হক। এ রকম চিঠি এসেছে অনেক দেশ থেকে। চিঠি সম্পর্কে ফজলুল হক বললেন, ‘আমি একসময় শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের চিঠি লিখতাম। তাঁদের অনেকেই চিঠির জবাব দিয়েছেন। তার কয়েকটা বাঁধাই করে রেখেছি।’শুধু চিঠি নয়, ফজলুল হক ছোটবেলা থেকেই জমিয়েছেন ডাকটিকিট। পাবনা শহরে প্রাথমিক স্কুলজীবনের শুরু থেকেই ডাকটিকিট জমানো শুরু। স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই তাঁর সংগ্রহশালা বাড়তে থাকে। শুধু ডাকটিকিটের সূত্র ধরেই দেশ-বিদেশে বাড়তে থাকে তাঁর বন্ধুর সংখ্যাও। দেশ-বিদেশে বিভিন্ন সময়ে চালু হওয়া বিশেষ ডাকটিকিটও সংগ্রহে রয়েছে তাঁর। বাংলাদেশের জন্মলগ্নে যখন পাকিস্তানি ডাকটিকিটে ‘বাংলাদেশ’ লেখা রাবার সিল দিয়ে চালানো হয়, ওই সময়ের অসংখ্য ডাকটিকিটও রয়েছে তাঁর কাছে। সংগ্রহে আছে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইরাক, যুগোস্লাভিয়াসহ বিভিন্ন দেশের অসংখ্য ডাকটিকিট।ডাকটিকিটের পরই বিভিন্ন দেশের ব্যাংক নোট জমাতে শুরু করেন ফজলুল হক। বাংলাদেশের প্রথম চালু হওয়া এক ও পাঁচ টাকার ব্যাংক নোট দিয়ে সংগ্রহ শুরু। এ ছাড়া আছে বিভিন্ন নোটের নমুনা কপি। অ্যালবামে সাজানো এসব নোট মনে করিয়ে দেয় ইতিহাস ও ঐতিহ্যের কথা। তবে এই সংগ্রহ শুধু দেশীয় নোটে সীমাবদ্ধ থাকেনি, আছে দেশের বাইরের নোটও।ফজলুল হকের বয়স এখন ৬২ বছর। দুই সন্তানের জনক। কর্মজীবনের শুরু থেকেই লটারির টিকিট কেনেন। ‘না, ভাগ্য পরিবর্তনের আশায় নয়, টিকিট জমানোই ছিল আমার মূল উদ্দেশ্য।’ বলছিলেন ফজলুল। লটারির টিকিট তিনি সংগ্রহ শুরু করেন ১৯৮১ সাল থেকে। সেই বছর বাংলাদেশ রেডক্রস সোসাইটি দুই টাকা মূল্যমানের একটি লটারির টিকিট ছাড়ে, যা জিতলেই পাওয়া যেত দুই লাখ টাকা। লটারিতে জেতা হয়নি তাঁর। কিন্তু স্মারক হিসেবে রেখে দিয়েছেন টিকিটটি। এর পর থেকে ক্রমান্বয়ে প্রায় ফি বছরই লটারির টিকিট সংগ্রহ করেছেন। সংগ্রহে রয়েছে ১৯৮৫ সালে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের দুই টাকা দামের টিকিট, ১৯৮৭ ও ১৯৮৮ সালের বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তিন টাকা মূল্যের টিকিট, একই সমিতির ১৯৯০ সালের পাঁচ টাকা মূল্যের টিকিটও আছে। ১৯৯৩ সালে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন তহবিলের চালু করা ১০ টাকা মূল্যের প্রথম লটারির টিকিটটিও দেখা গেল তাঁর সংগ্রহশালায়।কর্মজীবনে ফজলুল হক বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের কর্মকর্তা ছিলেন। চাকরি থেকে অবসর নেন ২০১০ সালে। মতিঝিলে অফিস হওয়ার সুবাদে প্রায়ই পল্টন এলাকা থেকে পুরোনো ও নতুন বই সংগ্রহ করতেন। তাই বইয়ের সংগ্রহশালাও তাঁর কম নয়।সবশেষে ফজলুল হক জানালেন তাঁর ইচ্ছার কথা, ‘যত দিন বেঁচে আছি, শখের জিনিসগুলো সংগ্রহ ও সংরক্ষণ করব।’ছবি: সামিউল বাশার