
শৈশব থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছেন। ছোটবেলা থেকেই কারখানায় ঘুরে ঘুরে কাজ করেছেন। অভাবের কাছে হার মেনে দশম শ্রেণিতে উঠে পড়াশোনায় ইতি টেনে ১৪ বছর কাজ করেছেন হোটেল হোটেলে। এক বছর আগে অন্যের চায়নিজ রেস্টুরেন্টে টেবিল পরিষ্কার, খাবার পরিবেশন থেকে শুরু করে সব কাজই করতে হয়েছে তাঁকে। কিন্তু এখন নিজের একান্ত চেষ্টায় বদলে গেছে দিন। নিজেই অভিজাত চায়নিজ রেস্টুরেন্টের ব্যবসা দিয়েছেন। এই রেস্টুরেন্টে কর্মসংস্থান হয়েছে আরও ২৫ জনের।
এই সফল উদ্যোক্তার নাম ফজলে রাব্বি (২৮)। বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলার আবদুল জব্বার সড়কের ‘বারবি কিউ’ চায়নিজ রেস্টুরেন্টের অন্যতম মালিক তিনি। গত বছর ৫২ লাখ টাকা খরচ করে এই চায়নিজ রেস্টুরেন্ট দেন তিনি। এককভাবে এত পুঁজি জোগানো সম্ভব না হওয়ায় একজনকে অংশীদার নিয়েছেন তিনি। অল্প দিনেই তাঁর এই রেস্টুরেন্ট বেশ পরিচিতি পেয়েছে।
হোটেল বয় থেকে অভিজাত চায়নিজ রেস্টুরেন্টের মালিক হয়ে ওঠা কীভাবে সম্ভব হলো—জানতে চাইতেই ফজলে রাব্বী বলেন, ‘সফলতার জন্য কঠোর পরিশ্রম আর দুর্বার চেষ্টার বিকল্প নেই। লক্ষ্য স্থির রেখে সততা, বিশ্বস্ততা, আন্তরিক সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ব্যবসায় গ্রাহক ও ভোক্তাদের আস্থা এবং সেবা-আন্তরিকতা দিয়ে তাঁদের মন জয় করা খুবই জরুরি। ক্রেতার আস্থা অর্জন সম্ভব হলে ব্যবসায় সফলতা আসবেই। ভোক্তাদের সেই আস্থা অর্জনের মাধ্যমেই অল্প দিনে চায়নিজ রেস্টুরেন্ট ও বারবি কিউ ব্যবসায় অসামান্য সফলতা অর্জন করতে পেরেছি।’

ফেলে আসা দিনের কষ্টের গল্পগাথা শোনাতে থাকেন ফজলে রব্বি। শহরে থাকার মতো বাড়ি নেই। বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবা বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলে খাবার পরিবেশনের কাজ করতেন। তাঁর সামান্য উপার্জনে ঠিকমতো সংসার চলে না। বড় দুই বোনের সঙ্গে নিজেও স্কুলে ভর্তি হয়েছিলেন। স্কুল থেকে বাড়ি ফিরে তিন ভাইবোনের কপালে বেশির ভাগ দিন ভাত জুটত না। সপ্তম শ্রেণিতে উঠে পড়াশোনার পাশাপাশি কারখানায় বিড়ি বাঁধাইয়ের কাজ নেন। এরপর কাপড়ে ব্যবহৃত নীল পাউডার ও বরিক পাউডার প্যাকেট করার কাজ, মাথার পরচুলা বাঁধাইয়ের কাজ থেকে শুরু করে নানা কাজ করেন।
ফজলে রাব্বি বলেন, ‘টাকার অভাবে বড় দুই বোনের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল। ফির টাকা জোগাতে না পেরে এসএসসি পরীক্ষা দেওয়া হলো না। বোনদের পড়াশোনার খরচ জোগাতে ২০০২ সালে পড়াশোনা বাদ দিয়ে কাজ নিলাম শহরের মাটিডালি এলাকার একটি মোটেলে। টেবিল পরিষ্কার করা, রেস্টুরেন্ট ঝাড়ু দেওয়া, এঁটে গ্লাস, থালা-বাসন পরিষ্কার করা—সবকিছুই করতে হতো। দুই বছর ধরে হাড়ভাঙা খাটুনির পর রোজার মাস উপলক্ষে মোটেল বন্ধ ঘোষণা করা হলো। বেকার হলাম। বাড়িতে ছোট ছোট বাচ্চাদের পড়ালাম কিছুদিন।
‘২০০৫ সালে শহরের রেড চিলিস চায়নিজ রেস্টুরেন্টে ‘ওয়েটার’ পদে কাজ জুটল। টেবিলে খাবার পরিবেশন করতে হতো। বেতন ১ হাজার ৮০০ টাকা। মালিকের বিশ্বস্ততা অর্জন করায় কয়েক বছর পর সুপারভাইজার হলাম। বেতনও ভালো। ৮ হাজার টাকা। বেতনের টাকায় বড় দুই বোনকে স্নাতক পর্যন্ত পড়ালাম। স্বপ্ন দেখতাম, ইশ নিজের যদি এ রকম একটা রেস্টুরেন্ট থাকত! গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি অর্জন করলাম। অনেকেই নিজের পায়ে দাঁড়ানোর উৎসাহ দিলেন।’
ফজলে রাব্বি বলেন, ‘২০১৫ সালে শহরের আবদুল জোব্বার সড়কে রেস্টুরেন্ট দেওয়ার একটা জায়গা পেলাম। চাকরি ছেড়ে দিলাম। মালিকও আশীর্বাদ করলেন। কিন্তু সমস্যা শুধু পুঁজি। ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রয়োজন। আত্মীয়স্বজন, পরিচিতদের কাছ থেকে ১১ লাখ টাকা ধারদেনা করলাম। পরিচিত শোরুম থেকে আসবাবসহ অন্যান্য উপকরণও কিস্তিতে নিলাম। তাতেও কুলাতে না পেরে একজনকে অংশীদার নিলাম। শুরু থেকেই খাবারের মান ও সেবার ব্যাপারে আমরা সচেতন ছিলাম। ঢাকার অভিজাত হোটেল থেকে কারিগর আনা হলো। অভিজ্ঞ ও চৌকস একঝাঁক ওয়েটার নিলাম। অল্প দিনেই নামডাক ছড়িয়ে পড়ল রেস্টুরেন্টের। এখন চায়নিজ ও বারবি কিউ খাবারের ব্যবস্থা ছাড়াও বিয়ে, জন্মদিনসহ যেকোনো পার্টির আয়োজনে সেবা দেওয়া হচ্ছে গ্রাহকদের। ব্যবসা ভালো হওয়ার কারণে এক বছর না ঘুরতেই দেনা সব শোধ করেছি। খুব শিগগিরই বগুড়া শহরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক আলাদা একটি চার তারকা হোটেল চালুর কাজ শুরু করেছি।’