ফটিকছড়িতে আমনের চারা সংকটে দিশেহারা কৃষক
পর পর তিন দফা বন্যায় নষ্ট হয়েছে খেতে লাগানো চারা। আমন চাষাবাদের মৌসুম শেষ হয়ে এলেও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অনেক কৃষকই এখনো চারা সংগ্রহ করতে পারেননি। এতে প্রায় তিন হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যাবে বলে আশঙ্কা কৃষকদের।
উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ২১ হাজার ২২৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত জুলাই মাসের টানা বৃষ্টিতে অনেক খেতের আমনের বীজতলা নষ্ট হয়। এরপর আবার কৃষকেরা বীজতলা তৈরি করে খেতে চারা লাগিয়েছিলেন। কিন্তু আবারও কয়েক দফা বন্যায় অনেক এলাকার বেশির ভাগ আমনের বীজতলা পানিতে নিমজ্জিত হয়। এতে অনেক স্থানে চারায় পচন ধরে। বর্তমানে মৌসুমের শেষ সময়ে নতুন করে বীজতলা করে তা থেকে চারা রোপণেরও সময় নেই। এসব মিলিয়ে এবার আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা জানান, শ্রাবণ ও ভাদ্র দুই মাস আমন চাষের মৌসুম। চলতি মৌসুমে শ্রাবণ মাসের শুরুর দিকে আমনের বীজতলা তৈরি করেছিলেন কৃষকেরা। কিন্তু এর কিছুদিন পর দুই দফা বন্যায় বেশির ভাগ বীজতলা নষ্ট হয়ে হয়ে যায়। পরবর্তী সময়ে শ্রাবণের শেষে আবারও বীজতলা তৈরি করে কৃষকেরা চারার সংকট মোকাবিলার চেষ্টা করেন। কিন্তু টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট তৃতীয় দফা বন্যায় বেশির ভাগ এলাকার বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পচে যায়।
রোসাংগিরী গ্রামের কৃষক আবদুর রহমান (৩৪) বলেন, ‘দুই বার বীজতলা করে রাখতে পারিনি। এখন বীজতলা করে সেই চারা রোপণ করে কী লাভ। বীজতলায় চারা গজানোর পর খেতে রোপণ করলে তাতে আর ধান হবে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘চারা সংকটের কারণে তিন হাজার এক শ ৫০ হেক্টর জমিতে এখনো আবাদ হয়নি। আমরা পরিস্থিতি সামাল দিতে মাঠ পর্যায়ে কাজ করছি। সংকট মোকাবিলায় জমিতে কম করে চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে। তা ছাড়া বিআর-২৯ ও ৩২ জাতের ধানের চারা লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি।’
অনেক কৃষক চারা কিনে জমিতে লাগিয়েছেন। তবে চারার সংকট থাকায় কিনতে চাইলেও অনেকে পাননি। পূর্ব সুয়াবিল গ্রামের কৃষক মুহাম্মদ জাকারিয়া (৩২) বলেন, ‘দুই বার বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পাশের হাটহাজারী উপজেলার বাজার থেকে দেড় হাজার টাকার চারা কিনে এনেছি।’
শাহনগর গ্রামের কৃষক আবদুল মান্নান (৪৬) বলেন, ‘কিনতে চাইলেও কোথাও চারা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় কী করব বুঝতে পারছি না।’