ফটিকছড়িতে উজাড় হচ্ছে সামাজিক বনায়নের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির দাঁতমারা বন বিট এলাকা থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে গাছ। পড়ে আছে কাটাগাছের গুঁড়ি l প্রথম আলো
ফটিকছড়ির দাঁতমারা বন বিট এলাকা থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে গাছ। পড়ে আছে কাটাগাছের গুঁড়ি l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলার বনভূমি থেকে প্রতিদিন সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে কাটা হচ্ছে এসব গাছ। স্থানীয় লোকজনের অভিযোগ, বন বিট কর্মকর্তাদের যোগসাজশে গাছ কাটা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ সূত্র জানায়, উপজেলায় ৭৯ হাজার ২০০ একর বনভূমি রয়েছে। যেখানে সেগুন, চাপালিশ, গামারি, কড়ই, গর্জন, আকাশমণি, জারুলসহ নানা প্রজাতির প্রায় ৩ কোটি ৯৬ হাজার গাছ রয়েছে। এসব বনভূমি দেখভালের দায়িত্বে রয়েছে হাটহাজারী রেঞ্জের সর্তা, শোভনছড়ি, নাজিরহাট ডিপো, হাজারীখীল রেঞ্জের বারমাসিয়া, হাজারীখীল, ফটিকছড়ি, নারায়ণহাট রেঞ্জের ধুরুং, নারায়ণহাট, দাঁতমারা, বালুখালী, হাসনাবাদ রেঞ্জের হাসনাবাদ, তারাখোঁ এবং করেরহাট রেঞ্জের করেরহাট চেক স্টেশন, কয়লা, হেঁয়াকো ও আঁধার মানিক বন বিট কার্যালয়। বিট কার্যালয়ের কর্মচারীরা পাহারা দেওয়া সত্ত্বেও প্রতিটি বন বিট এলাকা থেকেই প্রতিদিন গাছ কাটা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শোভনছড়ি ও দাঁতমারা বন বিট এলাকায় পড়ে আছে কাটা গাছের গোড়া। কিছু পাহাড়ে কোনো গাছই নেই। একেবারে রিরান হয়ে পড়েছে।
শোভনছড়ি এলাকার কাঠুরিয়া জলিল সর্দার (৩৯) জানান, ইটভাটার জন্য এসব গাছ কাটা হচ্ছে। সন্ধ্যা হলেই শুরু হয় গাছ কাটা। রাতেই ট্রাকে করে এসব গাছ পাশের রাউজান উপজেলার বিভিন্ন ইটভাটায় পাঠানো হয়।
দাঁতমারা বাজারের শ্রমিক আবুল ফজল, মো. দেলোয়ার ও বালুখালী বাজারের মো. জামাল উদ্দিন বলেন, সরকারি নিলামে বিক্রির গাছ কাটার নাম করেও সামাজিক বনায়নের গাছ কেটে পাচার করা হচ্ছে। এর সঙ্গে জড়িত বন বিভাগের কর্মকর্তারা।
নারায়ণহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ মামুন উদ্দিন (৩২) বলেন, ‘এসব বনাঞ্চল রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের গাড়িপ্রতি দৈনিক এবং মাসিক চাঁদা দিয়ে পাচার হচ্ছে মূল্যবান এসব গাছ।’ এ প্রসঙ্গে উপজেলার নারায়ণহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আলী আকবর কাজী বলেন, ‘কিছু গাছ যে চুরি বা পাচার হচ্ছে না তা বলা যাবে না। তবে আমরা চেষ্টা করছি এসব রোধ করতে। সরকারি নিলামের গাছ কাটার ব্যাপারেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’
হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইছমাইল হোসেন বলেন, ‘সর্তা বন বিটের গাছ পাচার রোধে ইতিমধ্যে কয়েকজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। নতুন করে গাছ কাটার ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’