ফটিকছড়িতে উৎসবের আমেজে কাবাডি খেলা
রীতিমতো ঢোল-বাদ্য বাজিয়ে খেলা দেখতে এসেছিলেন দর্শকেরা। সব মিলিয়ে প্রায় হাজারের কাছাকাছি তো হবেই। তবে ফুটবল বা ক্রিকেট নয়, খেলাটি ছিল কাবাডি। হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলার আসর বসেছিল চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায়।
৭ নভেম্বর দাঁতমারা রহমতপুর জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠেছিল গোটা জনপদ। এলাকার একটি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হাড্ডা-হাড্ডি লড়াই হয় রহমতপুর জনকল্যাণ পরিষদ ও চূড়ামণি স্পোর্টিং ক্লাবের মধ্যে। খেলায় জয়ী হয় রহমতপুর জনকল্যাণ পরিষদ। নক আউট পদ্ধতিতে আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন এবারই প্রথম। খেলায় দর্শক সমাগম দেখে প্রতি বছরই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হয়েছে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা সাহেদুল আলম, রাশেদুল হাসান, মোহাম্মদ মামুন, মাসুদ পারভেজ ও মাহবুবুল আলম।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি এইচ এম আবু তৈয়ব রহমতপুর জনকল্যাণ পরিষদের অধিনায়ক মুহাম্মদ আবু সায়েদের হাতে ট্রফি তুলে দেন। তিনি বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা আমরা টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাবাডি এ অঞ্চলের খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছে।’
আয়োজক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘কাবাডি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। বর্তমানে এর প্রচলন নেই বললেই চলে। তাই গ্রামবাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে আমরা এলাকার যুবসমাজকে সঙ্গে নিয়ে এ আয়োজন করেছি। প্রতি বছরই এ খেলার আয়োজন করা হবে।’ খেলার পর রাত দশটায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পীরা গান পরিবেশন করেন।