‘দেখে যা রে মাইজভান্ডারে হইতেছে নূরের খেলা’ এই গান দিয়ে শুরু হয় গজলসন্ধ্যা। শিল্পী সৈয়দ নাসিরের গাওয়া গানটি ভক্তি রসে ভাসিয়ে নেয় শ্রোতাদের। আশেকানে মাইজভান্ডারির উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ধুরুংকুল রহমানিয়া বাজার প্রাঙ্গণে ৮ আগস্ট সন্ধ্যায় গজল ও কাওয়ালি শুনতে হাজির হয়েছিলেন হাজার খানেক দর্শক–শ্রোতা। সৈয়দ নাসিরের কাওয়ালির পাশাপাশি অনুষ্ঠানে গজল গেয়ে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী জামাল হাসান।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই গানের আসরের আগে ছিল আলোচনা সভা। মো. রফিক খোরশানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দ গোলাম মর্তুজা আল-মাইজভান্ডারি। এতে বিশেষ অতিথি ছিলেন রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম।
কাওয়ালি গানের শিল্পী সৈয়দ নাসির সুরের মায়া জালে জড়িয়েছেন দর্শকদের। সমান মুগ্ধতার আবেশ তৈরি করেছেন জামাল হাসান। ‘চান্দি যেয়সা রং হ্যায় তেরা’ জনপ্রিয় এই গানটি দিয়ে শুরু হয় জামালের পরিবেশনা।
হাজারো স্রোতা করতালি দিয়ে তঁার পরিবেশনাকে অভিবাদন জানান। এরপর একের পর এক গান গেয়ে উন্মাতাল করে তুলেছেন তিনি দর্শকদের।