ফটিকছড়িতে চা শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ছয়টি বাগানের ৪০০ চা শ্রমিকের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এ উপলক্ষে ২২ মে উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও বলেন, সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে যে তিনমাস চা বাগানে কাজ বন্ধ থাকে সে সময় তাদের পরিবারের ভরণপোষণের খাদ্যসামগ্রী বিতরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, সাবান, শাড়ি ও লুঙ্গি।
সভায় আরও বক্তব্য দেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আফজাল হোসেন, নিউ দাঁতমারা চা-বাগানের ব্যবস্থাপক তেজেন্দ্র লাল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক, ব্যবসায়ী শফিউল আলম, নুরুল ইসলাম, যুবলীগ নেতা আবু তৈয়ব প্রমুখ। —ফটিকছড়ি প্রতিনিধি