ফটিকছড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। ধর্মপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ধর্মপুর ইউপির চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, সুয়াবিল ইউপির চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, সমিতিরহাট ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুম ও যুবলীগ নেতা আবদুল কুদ্দুছ।
গত ১৪ নভেম্বর নকআউট পদ্ধতির এই টুর্নামেন্ট শুরু হয়। এতে আটটি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় ধর্মপুর সাতরং ক্রীড়া সংস্থা ও হাটহাজারী উপজেলার কাটিরহাট ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে সাতরং ক্রীড়া সংস্থা জয়লাভ করে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।—ফটিকছড়ি প্রতিনিধি