ফটিকছড়িতে ডাকাত আতঙ্ক
ফটিকছড়ি উপজেলায় হঠাৎ বেড়েছে ডাকাতি। গত সপ্তাহে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মধ্যে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের প্রবাসী মুহাম্মদ নাছির উদ্দিনের ঘরে, ২৫ জানুয়ারি রাতে উপজেলার করবল্লাহ টিলা নামক স্থানের মুহাম্মদ বেলাল উদ্দিনের মুদির দোকানে, ২৪ জানুয়ারি রাতে উপজেলার রাঙামাটিয়া গ্রামের আহমদ উল্লাহ ও ভূজপুরের ইসলামপুর গ্রামের প্রবাসী মুকিম মিয়ার ঘরে এবং ২৩ জানুয়ারি ফকিরাচান এলাকার ভূঁইয়াবাড়ির প্রবাসী আবছার উদ্দিনের ঘরে হানা দেয় ডাকাত দল। এ সময় ডাকাতেরা প্রায় ৪৩ ভরি স্বর্ণালংকার, নগদ চার লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে।
এ ছাড়া ফকিরাচান এলাকার ভূঁইয়াবাড়ির প্রবাসী আবছার উদ্দিনের বাড়িতে ডাকাতির সময় তাঁর ছেলে নবম শ্রেণির ছাত্র মিনহাজুর রহমানকে অপরহণ করে ডাকাত দল। পরে তাকে ২৯ জানুয়ারি উদ্ধার করা হয়।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, ‘চুরি-ডাকাতি বেড়ে যাওয়ার অন্যতম কারণ জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সমন্বয় নেই। এখন যে যার মতো কাজ করছে। উভয়ের সমন্বয় জরুরি।’
নাজিরহাট বাজারের ব্যবসায়ী শম্ভু কুমার শীল বলেন, ‘এখন এলাকাজুড়ে ডাকাত–আতঙ্ক বিরাজ করছে। প্রতি রাতেই কমবেশি চারদিকে গোলাগোলির শব্দ শোনা যায়। এতে এক প্রকার তটস্থ দিন কাটছে। এ জন্য পুলিশের টহল বাড়াতে হবে।’
থানা সূত্র জানায়, দৌলতপুরের মুহাম্মদ নাছির উদ্দিন ও ফকিরচাঁন এলাকার আবছার উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। অন্য ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন বলেন, বেশির ভাগ ক্ষতিগ্রস্ত লোকজন থানায় অভিযোগ দেন না। তবে এসব ঘটনার পর থেকে পুলিশ গ্রেপ্তার অভিযান জোরদার করেছে।
উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বলেন, ‘চুরি-ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিষয়টি আগামী সমন্বয় সভায় উত্থাপন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’