ফটিকছড়িতে দেড় হাজার হেক্টর জমির আমনখেত নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফটিকছড়িতে প্রায় দেড় হাজার হেক্টর জমির আমনের চারা নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চলছে। তবে বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে কাজ।
কৃষকেরা জানান, ধুরুং ও হালদা নদীর তীরবর্তী উপজেলার সমিতিরহাট, রোসাংগিরী, সুয়াবিল, সুন্দরপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার আমনখেত তলিয়ে গেছে। সরেজমিনে ঘুরে এর সত্যতা পাওয়া যায়।
সুয়াবিল ইউনিয়নের ভাঙাদিঘীর পাড় গ্রামের কৃষক আহমদ উল্লাহ ও দৌলতপুর গ্রামের জসিম উদ্দিন জানান, জমি এখনো এক থেকে দুই ফুট পানির নিচে। এ মৌসুমে তাঁদের দুই একর আমনখেত নষ্ট হয়ে গেছে। আজিমপুর গ্রামের কৃষক মো. আবু তৈয়ব বলেন, হালদা নদীর পাড়-সংলগ্ন প্রায় সব জমিতে জলাবদ্ধতার কারণে পলি জমেছে। ফলে গাছে পচন ধরেছে, বৃষ্টি থামলেও এ সময়ে আর চারা লাগানো যাবে না।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল আজম জানান, হালদার নাব্যতা ফিরিয়ে আনা না গেলে এ জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়।
এ ইউনিয়নের প্রায় ৩০০ একর জমিতে এবার আমনখেত নষ্ট হয়ে গেছে। সমিতিরহাট ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, এই ইউনিয়নের ১৫০ একরের বেশি জমিতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এসব জমিতে এই মৌসুমে আর চাষাবাদ করা যাবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ জানান, মৌসুমে উপজেলায় ২১ হাজার ১৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে প্রায় দেড় হাজার একর আমনের খেত নষ্ট হয়েছে। অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে।