ফটিকছড়িতে নামছে ভূগর্ভস্থ পানির স্তর
ফটিকছড়ি উপজেলায় বোরো মৌসুম শুরু হতে না হতেই ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। হস্তচালিত টিউবওয়েলগুলোতে পর্যাপ্ত পানি উঠছে না। এতে উপজেলার ১ লাখ ৯ হাজার পরিবারে খাবার পানির সংকট দেখা দিয়েছে।
বাগানবাজারের চা–দোকানদার মো. আলমগীর হোসেন বলেন, এখানকার ৫০ ভাগ হস্তচালিত নলকূপে পানি উঠছে না। বাকি নলকূপগুলোতে অল্প অল্প পানি ওঠার ফলে নিত্যব্যবহারের জন্য পানি পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। ফলে দূষিত পানি পান করে রোগাক্রান্ত হয়ে পড়েছেন অনেকে।
পশ্চিম ভূজপুর গ্রামের কৃষক আবু তালেব বলেন, চলতি মৌসুমে পানির স্তর নেমে যাওয়ায় বোরো সেচের পাম্পগুলোতে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না। এতে চাষাবাদের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
ফকিরাচান গ্রামের গৃহিণী আছমা বেগম (২৮) বলেন, হস্তচালিত টিউবওয়েলগুলোতে পানি না পাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। এক মাইল দূরে গিয়ে বর্তমানে পানি পাওয়া গেলেও পুরোপুরি খরা শুরু হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে কি না, এ নিয়ে তিনি সন্দিহান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, উপজেলায় সরকারি-বেসরকারি হস্তচালিত টিউবওয়েলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগের কয়েকটি খরা মৌসুমেও কিছু টিউবওয়েলে পানি ওঠেনি।
ফটিকছড়ি উপজেলার সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, সেচ প্রকল্পে বর্তমানে ফটিকছড়িতে দুই কিউসেক ক্ষমতাসম্পন্ন গভীর নলকূপ চালু আছে। যদি এক কিউসেক ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপ স্থাপন করা যেত তাতে বিদ্যুৎ বিল কম হতো এবং গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী অবাধে খাওয়ার পানির পেত।
ফটিকছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন বলেন, বোরো মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় হস্তচালিত টিউবওয়েলে ঠিকমতো পানি উঠছে না। এতে এ সময়টায় খাওয়ার পানির সংকট দেখা দেয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার সব এলাকায় বিশুদ্ধ খাবার পানি এবং বোরোর সেচ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।