ফটিকছড়িতে পানি উঠছে না নলকূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় হস্তচালিত নলকূপে পর্যাপ্ত পানি উঠছে না। এতে উপজেলার এক লাখ নয় হাজার পরিবারে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে।
খরা মৌসুম পুরোপুরি শুরু হলে উপজেলার বেশির ভাগ এলাকার হস্তচালিত নলকূপ অকেজো হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
দাঁতমারা বাজারের ব্যবসায়ী মো. এরশাদ হোসেন (৪৩) বলেন, এখানকার ৫০ ভাগ হস্তচালিত নলকূপে পানি উঠছে না। বাকি নলকূপগুলোতে অল্প অল্প পানি উঠছে। ফলে নিত্য ব্যবহারের জন্য পানি মিলছে না।
পূর্ব ভুজপুর গ্রামের কৃষক আবু আহমদ (২৮) বলেন, এলাকার কয়েকটি নলকূপ থেকে খাবার পানি সরবরাহের জন্য ভূগর্ভস্থ পাইপলাইন সম্প্রসারণ করা হচ্ছে। চলতি মৌসুমে পানির স্তর নিম্নমুখী হওয়ার কারণে সেচ পাম্পগুলোতে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না। এতে চাষের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, উপজেলায় সরকারি-বেসরকারি হস্তচালিত নলকূপের সংখ্যা প্রায় ৮০ হাজার। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগের কয়েকটি খরা মৌসুমেও বেশ কিছু নলকূপে পানি ওঠেনি। এ বছরও একই অবস্থা বিরাজ করছে।
ফটিকছড়ি উপজেলার সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদু সাত্তার বলেন, সেচ প্রকল্পে বর্তমানে ফটিকছড়িতে দুই কিউসেক ক্ষমতাসম্পন্ন গভীর নলকূপ চালু আছে। এক কিউসেক ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপ স্থাপন করা হলে বিদ্যুৎ বিল কম আসত। এতে কম খরচে গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাওয়ার পানির সরবরাহ করা যেত।
ফটিকছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন বলেন, চলতি মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় হস্তচালিত নলকূপে ঠিকমতো পানি উঠছে না। এ সময়টায় খাওয়ার পানির সংকট দেখা দেয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার সব এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পানি ব্যবহারের বিষয়ে লোকজনের সচেতনতার ওপরও জোর দেন তিনি।