ফটিকছড়িতে বন্ধ করা ইটভাটা আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির নারায়ণহাটে ইট পোড়ানো হচ্ছে ‘নানা ব্রিকস’ নামের ইটভাটায়। ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো
ফটিকছড়ির নারায়ণহাটে ইট পোড়ানো হচ্ছে ‘নানা ব্রিকস’ নামের ইটভাটায়। ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেওয়া ইটভাটা আবার চালু হয়েছে। ‘নানা ব্রিকস’ নামের ইটভাটাটির অবস্থান নারায়ণহাট ইউনিয়নের সন্দ্বীপপাড়ায়। অবৈধভাবে ফসলি জমিতে গড়ে ওঠায় এই ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে নির্মাণ করার অভিযোগে গত বছরের ২২ অক্টোবর অর্ধনির্মিত অবস্থায় ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তখন ভাটার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তী সময়ে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভাটার নির্মাণকাজ শেষ করে ইট পোড়ানো শুরু হলে গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামিম ভাটাটি বন্ধ করে দেন। তখন দমকল বাহিনীর সদস্যরা পানি ছিটিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করেন। কিন্তু সপ্তাহ খানেক পর আবার চালু করা হয় ভাটা। এরপর সর্বশেষ ১৪ জানুয়ারি জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আবার চিমনি ভেঙে ভাটাটি বন্ধ করে দেন। সে সময়ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এবারও ১৫ দিন না যেতেই ভাটাটি গত ৩১ জানুয়ারি থেকে আবার চালু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম চলছে পুরোদমে। অন্তত ১০-১২ জন শ্রমিক ভাটায় কাজ করছেন। ভাটার কাছে স্তূপ করে রাখা হয়েছে জ্বালানি কাঠ। এসব কাঠে ইট পোড়ানো হচ্ছে।
জানতে চাইলে শ্রমিক মুহাম্মদ ওসমান বলেন, ‘মালিকের নির্দেশে আমরা দৈনিক মজুরি হিসেবে কাজ করছি।’
সন্দ্বীপপাড়া গ্রামের স্কুলশিক্ষক মুহাম্মদ রেজাউল করিম জানান, ভাটাটিতে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। কালো ধেঁায়ায় পরিবেশ বিপন্ন হচ্ছে। ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করতে পারছেন না।
জানতে চাইলে ইটভাটার মালিক মো. নুরুল হুদা মুঠোফোনে বলেন, ‘আমরা ভাটায় ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছি। প্রশাসন কতবার বন্ধ করতে পারে দেখা যাক।’
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামিম মুঠোফোনে বলেন, ‘সেখানে ইটভাটা স্থাপন করে চালানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
১৫ জানুয়ারি ‘ফটিকছড়িতে অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।