ফটিকছড়িতে বিদ্যুৎ পেল তিন গ্রাম
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তিনটি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বর ওই সংযোগ দেওয়া হয়। গ্রাম তিনটি হচ্ছে চারার বটতল, কালাপানিয়া ও আঠারো টিলা। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
এ উপলক্ষে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন প্রমুখ। পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নুরুল আলম জানান, ‘বিদ্যুতের নতুন সংযোগের ফলে ওই তিনটি গ্রামের ৫৪৪টি পরিবার আলোকিত হয়েছে। সেচের আওতায় আসবে প্রায় ৫০০ একর জমি।’