ফটিকছড়িতে বিদ্যুৎহীন ৫০ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ৫০ গ্রামে এখনো বিদ্যুৎসুবিধা পৌঁছেনি। বিদ্যুতায়নের জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী প্রায় দুই দশক ধরে আবেদন জানিয়ে এলেও এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে পড়ালেখা, বিনোদনসহ সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে পিছিয়ে পড়ছে এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।
স্থানীয় পল্লীবিদ্যুৎ কার্যালয় এবং স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ১৮ অক্টোবর ফটিকছড়িতে পল্লীবিদ্যুৎ সমিতির কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে দক্ষিণ ফটিকছড়ির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হলেও উত্তর ফটিকছড়ির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ এখনো চেরাগবাতি কিংবা হারিকেনের ওপর নির্ভরশীল।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাগানবাজার ইউনিয়নের আঁধারমানিক, রসুলপুর, মোহাম্মদপুর, হাতির খেদা, আনসার টিলা, মতিননগর, উত্তর ফানুয়া, দক্ষিণ ফানুয়া, ভবানীপুর, রহমতপুর, গজারিয়া, দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া, মুজিবনগর, শিকদারখীল, উত্তর বান্দারমারা, গিলাতী, এনায়েতপুর, ইসলামপুর, মুসলিমপুর, নতুনপাড়া, ধুলিয়াছড়ি, করইবাগান, বেডবেডি, ধর্মপুর, কাঞ্চনারথলী এবং নারায়ণহাট ইউনিয়নের সাপমারা, মিরেরখিল, শ্বেতছড়া, করলিয়া, হাঁপানীয়া, কুলালপাড়া, ধামারখীল ও চাঁনপুরসহ ৫০ গ্রামে বিদ্যুৎ নেই।
এসব এলাকার অধিকাংশ মানুষ অশিক্ষিত-অর্ধশিক্ষিত। এলাকার যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত খারাপ। বেশির ভাগ গ্রামে রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন যেতে পারে না। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা না থাকায় গ্রামগুলোতে সন্ধ্যা হলেই ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়।
দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা আবু মনছুর ও আবু কালাম বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এবং শিক্ষিত লোকজনের অভাবে কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদনগুলো নিয়ে তদবির হচ্ছে না। নির্বাচনের মৌসুমে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও পরবর্তী সময়ে কেউ আমাদের খোঁজ নেন না।’
বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. আলমগীর ও বেলাল উদ্দিন বলেন, ‘দেশের বিভিন্ন জনপদ ক্রমে ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। অথচ আমরা বিদ্যুতের আলো পর্যন্ত পাইনি। ফলে কম্পিউটার ব্যবহার এমনকি টেলিভিশনের সংবাদ কিংবা বিনোদনসুবিধা থেকেও এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে।’ এনায়েতপুর গ্রামের মো. শহিদুল্লাহ বলেন, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা গড়ে না ওঠায় এলাকায় কোনো ক্ষুদ্র শিল্প-কলকারখানা গড়ে ওঠেনি। ফলে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হচ্ছে না। শিক্ষার্থীদের পড়ালেখা করতে হয় চেরাগবাতি বা হারিকেন জ্বালিয়ে। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার বলেন, এলাকায় বিদ্যুতায়নের জন্য পল্লীবিদ্যুতের কার্যালয়ে ৫০টির বেশি আবেদন আছে।
উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎবঞ্চিত দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি কল-কারখানা স্থাপনের লক্ষ্যে এখানে বিদ্যুতায়ন দরকার। বিষয়টি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হবে।
পল্লী বিদ্যুতের ফটিকছড়ি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ফখরুল ইসলাম বলেন, গ্রাহক সংখ্যা, রাজস্ব আয়, যোগাযোগ সুবিধা ইত্যাদি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। দুর্গম যোগাযোগ অবকাঠামোর কারণে উত্তর ফটিকছড়ির গ্রামগুলোতে বিদ্যুৎ লাইন স্থাপন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে উৎপাদন বৃদ্ধির প্রেক্ষাপটে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হচ্ছে।