ফটিকছড়িতে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিকের পাঠদান
ফটিকছড়ি উপজেলার পূর্ব মাইজভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ–সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। সংকট সামাল দিতে পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষেও পাঠদান করতে হচ্ছে।
১৯২৫ সালে প্রতিষ্ঠিত পূর্ব মাইজভান্ডার বিদ্যালয়ের দুটো ভবনের মধ্যে একটি পরিত্যক্ত হয়েছে ২০১১ সালে। তিন কক্ষবিশিষ্ট অপর ভবনের একটি কক্ষ বিদ্যালয়ের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় এবং বাকি দুটি কক্ষে পাঠদান করা হয়। শ্রেণিকক্ষের সংকট দেখা দেওয়ার ওই বিদ্যালয়ের পাশে অবস্থিত মাইজভান্ডার বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি কক্ষেও পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫৮৭ জন শিক্ষার্থী রয়েছে। গত ২০১১ সালের ২৩ এপ্রিল বিদ্যালয়ের পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান না করতে প্রধান শিক্ষকের কাছে চিঠি দেওয়া হয়। বর্তমানে ওই ভবন ভেঙে ফেলা হয়েছে এবং ওই স্থানে নতুন ভবনের নির্মাণকাজ চলছে।
শ্রেণিকক্ষ–সংকট মোকািবলায় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিদিন দুই পালায় পাঠদান করেন। সকাল নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রথম পালা এবং দুপুর ১২টা থেকে িবকেল চারটা পর্যন্ত দ্বিতীয় পালায় পাঠদান করা হয়। তবে এতেও শ্রেণিকক্ষের সংকট থেকে যওয়ায় পাশের বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মাইজভান্ডার বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি কক্ষে প্রাথমিকের চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে। শিক্ষকেরা জানান, এই দুটি শ্রেণিতে ২০৫ জন শিক্ষার্থী আছে। একটি বেঞ্চে গাদাগাদি করে পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থীকে বসতে হয়। অনেকে দাঁড়িয়েও থাকে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মিশকাতুল আনোয়ার বলে, কক্ষ–সংকটের কারণে এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত করতে হয়। অন্য দিকে বেঞ্চ–সংকটের ফলে কখনো দাঁড়িয়েও ক্লাস করতে হয়।
ফটিকছড়ি মাইজভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোরশেদুল কবির জানান, আশপাশের কয়েকটি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। তাই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। কিন্তু শ্রেণিকক্ষ ও আসবাব–সংকটে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, ৬৬ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ওই বিদ্যালয়ে তিন কক্ষের একটি নতুন ভবনের কাজ চলছে। এটি হয়ে গেলে বেঞ্চসহ এসব সমস্যা থাকবে না।