ফটিকছড়িতে হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলায় প্রতিবছর ৩০ হাজার মেট্রিকটন সবজি উৎপাদন হয়। কিন্তু এর এক-তৃতীয়াংশই নষ্ট হয়ে যায়। ভরা মৌসুমে পানির দামে সবজি বিক্রি করতে বাধ্য হন চাষিরা। অথচ একটি হিমাগার থাকলে চাষিরা যেমন ন্যায্য দাম পেতেন, তেমনি সারা বছরই সবজির সরবরাহ থাকত বাজারে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রবি মৌসুমে দুই হাজার ১৫০ হেক্টর ও গ্রীষ্ম মৌসুমে ৮৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়।
এসব জমিতে আলু, মিষ্টি আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, লাউ, শিম, লালশাক, পালংশাক, করলা, শসা, খিরা, বরবটি, গাজর, ধনিয়া, চালকুমড়া, ঝিঙেসহ নানা রকম সবজি উৎপাদন করা হয়। প্রতি হেক্টরে সবজি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ১০ টন। সব মিলিয়ে প্রতি বছর নানা রকমের ৩০ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয় উপজেলায়।
পূর্ব সুয়াবিল গ্রামের কৃষক মুহাম্মদ সেকান্দর আলী (৪৩) বলেন, ‘সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও উপজেলায় বেশি সবজি চাষ করা হয়। বেশি সবজি উৎপাদন হওয়ায় কম দামে আমাদের সবজি বিক্রি করে দিতে হয়। হিমাগারে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
আবদুল্লাহপুর গ্রামের আলু চাষি জোনায়েত হোসেন (৩৩) বলেন, ‘চলতি মৌসুমে আগাম পাঁচ কানি জমিতে আলু চাষ করেছি। প্রতি কানিতে ২০-২৫ মন আলু পাওয়া যায়। কিন্তু সেগুলো সংরক্ষণের কোনো সুযোগ না থাকায় ৮-১০ টাকা পাইকারি দামে জমিতেই বিক্রি করে দিতে হচ্ছে।’
নারায়ণহাট গ্রামে ১০ কানি জমিতে সবজি চাষ করেছেন চাষা মুহাম্মদ আবুল কালাম (৪৫)। তিনি বলেন, ‘এবার বাম্পার ফলন হয়েছে। কিন্তু হিমাগার না থাকায় উৎপাদিত সবজি সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে এক-তৃতীয়াংশ সবজি ফেলে দিতে হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, উপজেলায় একটি হিমাগারও নেই। গত বছর উপজেলা সদরে বেসরকারিভাবে একটি হিমাগার স্থাপন করা হলেও সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। সরকারি উদ্যোগে হিমাগার তৈরির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, এ এলাকায় হিমাগার খুবই প্রয়োজন। হিমাগার নির্মাণের জন্য তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কথাও বলেছেন। হিমাগার নির্মাণে এলাকার বিত্তশালীদের কেউ উদ্যোগ নিলে তিনি প্রশাসনিক সহযোগিতা দেবেন বলে জানান।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। শিগগিরই এখানে সরকারিভাবে একটি হিমাগার স্থাপনের জন্য একটি প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হবে।