ফটিকছড়ির চা-বাগানে নতুন কুঁড়ির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক সপ্তাহে বৃষ্টি হওয়ায় ফটিকছড়ির চা-বাগানগুলোর চা-গাছে নতুন কুঁড়ি গজিয়েছে। শুরু হয়েছে চা-পাতা তোলা  প্রথম আলো
গত কয়েক সপ্তাহে বৃষ্টি হওয়ায় ফটিকছড়ির চা-বাগানগুলোর চা-গাছে নতুন কুঁড়ি গজিয়েছে। শুরু হয়েছে চা-পাতা তোলা প্রথম আলো

গত দুই সপ্তাহে বেশ কয়েকবার বৃষ্টি হওয়ায় সজীবতা ফিরে পেয়েছে ফটিকছড়ির চা-বাগানগুলো। উপজেলার ১৭ চা-বাগানে নতুন করে পাতা গজাতে শুরু করেছে। টানা খরার কবলে পড়ে নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছিল এসব বাগানের চা-গাছ। কিন্তু সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের পর এই সমস্যা এখন আর নেই।
বৃষ্টি হওয়ায় চা-বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বাগানের গাছে গাছে এসেছে নতুন কচি পাতা। বাংলাদেশ চা সংসদ চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুল হাসান বলেন, প্রতিবছর ডিসেম্বর মাসের ৩১ তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত বাগানগুলোতে পাতা তোলা বন্ধ থাকে। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সাধারণত বাগানগুলোতে চা-পাতা তোলা শুরু হয়। কিন্তু বৃষ্টির অভাবে এত দিন এ কাজ শুরু করা যায়নি। তবে এখন চট্টগ্রাম অঞ্চলের ২২টি বাগানের কারখানা চালু করা হয়েছে।
চা সংসদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৭টি চা-বাগানের মধ্যে ১৩টিতে চা-প্রক্রিয়াজাতকরণের কারখানা রয়েছে। দেশের মোট উত্পাদিত চায়ের ১০ শতাংশ উত্পাদন হয় এ উপজেলা থেকে। প্রায় সব বাগানে কারখানা সার্বক্ষণিক চালু রাখার জন্য বিদ্যুত্ সরবরাহ লাইনের পাশাপাশি নিজস্ব জেনারেটর রয়েছে।
কয়েকটি চা-বাগান সরেজমিন ঘুরে দেখা গেছে, গাছের পর গাছে সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। পাতায় ভরে গেছে গাছগুলো। নতুন করে চায়ের কুঁড়ি গজানোয় খুশি চা-বাগানের শ্রমিকেরা। কিছু কিছু জায়গায় চা-গাছ থেকে সমানে তোলা হচ্ছে পাতা। আবার কিছু জায়গার চা-গাছগুলো রেখে দেওয়া হয়েছে। সেগুলো থেকে কয়েক দিন পরেই পাতা তোলা হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মালিকানাধীন কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক শাহনেওয়াজ মো. আহসান ভূঁইয়া বলেন, ‘বছরের শুরুতে বৃষ্টিপাত না হওয়ায় চা-পাতা উত্পাদন অনেকটা পিছিয়ে পড়েছিল। তবে গত দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় এ বছর চা উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’
হালদাভ্যালী চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘যেভাবে খরা শুরু হয়েছিল, ধরেই নিয়েছিলাম এবার উত্পাদন অর্ধেকে নামবে। কিন্তু এখন মনে স্বস্তি ফিরেছে। মাটির আর্দ্রতা বাড়ায় সারও দেওয়া যাচ্ছে। ফলে বাড়তে শুরু করেছে চা-গাছ। এতে ফলন যেমন বাড়বে, তেমনি অর্জিতও হবে চা-উত্পাদনের লক্ষ্যমাত্রাও।’ চা-সংসদের সভাপতি মমতাজুল হাসান আরও বলেন, ‘আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চা উত্পানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’