ফটিকছড়ির বনাঞ্চলে শতাধিক করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনাঞ্চল থেকে ১০ কিলোমিটার দূরে করাতকল বসানোর নিয়ম থাকলেও ফটিকছড়ি উপজেলার বনের ভেতরই গড়ে উঠেছে শতাধিক করাতকল। এসব করাতকলে প্রতিদিন বনের গাছ চেরাই হচ্ছে বলে অভিযোগ আছে।
বন বিভাগ এবং উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের সচিবদের দেওয়া তথ্য থেকে জানা যায়, উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত হারুয়ালছড়ি, নারায়ণহাট, ভুজপুর, বাগানবাজার, সুয়াবিল, নানুপুর, হেঁয়াকো, লেলাং এবং আবদুল্লাহপুর ইউনিয়নে ৩২০ বর্গকিলোমিটার সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। এর মধ্যে হারুয়ালছড়ির বনাঞ্চলে সাতটি, নারায়ণহাটে আটটি, ভুজপুরে ১২টি, বাগানবাজারে তিনটি, সুয়াবিলে চারটি, নানুপুরে পাঁচটি, হেঁয়াকোতে নয়টি এবং লেলাংয়ের সংরক্ষিত বনাঞ্চলে চারটি করাতকল রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সংরক্ষিত বনের আশপাশে আরও প্রায় ৫৫টি করাতকল গড়ে উঠেছে। কেবল বনাঞ্চলের ভেতরে নয়, আশপাশেও গড়ে উঠেছে করাতকল। সংরক্ষিত বনের খুব কাছে নারায়ণহাট ইউনিয়নের হেঁয়াকো বাজারে এমন ১১টি করাতকলের সন্ধান পাওয়া গেছে। এসব করাতকলে প্রতিদিন বনাঞ্চল থেকে চুরি হওয়া কয়েক হাজার গাছ চেরাই করে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দীন বলেন, ‘এই ইউনিয়নে চারটি অবৈধ করাতকল আছে। এগুলো সংরক্ষিত বনের ভেতরে অবস্থিত। এসব করাতকলে বনের গাছ চেরাই করা হয় বলে শুনেছি।’
হেঁয়াকো এলাকার সংরক্ষিত বনে ঘুরে বেশ কয়েকটি করাতকলের সন্ধান পাওয়া গেছে। এই বনের এক কিলোমিটারের মধ্যেই অন্তত নয়টি করাতকল দেখা গেছে। এসব করাতকলের সামনে স্তূপ করে গাছ ফেলে রাখা হয়েছে। কোনো কোনো করাতকলে কাঠ চেরাই করছিলেন শ্রমিকেরা। কাঠ চেরাই হচ্ছে এমন একটি করাতকলে গেলে কথা হয় মালিক মো. এমরানের সঙ্গে। সেখানে স্তূপ করে রাখা গছের মধ্যে কিছু বনের গাছও রয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার করাতকলে বাগানমালিকেরা তাঁদের গাছ চেরাই করতে আনেন। এসবের মধ্যে বনের গাছও থাকতে পারে। তবে বনের গাছ চেরাই করতে কোনো দিন বাঁধার সম্মুখীন হইনি।’
হেয়াঁকো বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন করাতকল ব্যবসায়ী অভিযোগ করেন, বনাঞ্চল থেকে আনা গাছ চেরাই করার জন্য করাতকলের মালিকেরা বন বিভাগের কর্মকর্তাদের মাসোহারা দেন। এ ছাড়া নারায়ণহাটে বন বিভাগের তল্লাশি চৌকিতে গাছ আনা-নেওয়ার সময় টাকা দিতে হয়।
নারায়ণহাট বাজারের করাতকল ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ‘অবৈধ করাতকলের কারণে আমরা প্রকৃত করাতকলের মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করেও কাজ হয়নি।’
তবে ফটিকছড়ি উপজেলার করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন দাবি করেন, ‘উপজেলার কোনো করাতকলে বনের গাছ চেরাই হয় না। তবে অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’
এ ব্যাপারে উপজেলার নারায়ণহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ আলী আকবর কাজী বলেন, বন বিভাগের ভেতরে থাকা অবৈধ করাতকলের তালিকা করা হয়েছে। দ্রুত এসব করাতকল বন্ধ করে দেওয়া হবে। কারও বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব করাতকল চিহ্নিত করে শিগগির অভিযান পরিচালনা করা হবে।