ফটিকছড়ি আওয়ামী লীগে রফিক-পেয়ারু বিরোধ প্রকাশ্যে
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বিভক্তি আবারও স্পষ্ট হয়ে পড়েছে। সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ও গত সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের সমর্থকেরা ২২ অক্টোবর আলাদাভাবে কর্মী সমাগম করে নিজেদের শক্তি দেখিয়েছেন। ওই দিন ছিল সদরের একটি সামাজিককেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। দুই বছর ধরে এ বিভক্তির দানা বেঁধে ওঠে বলে জানা গেছে। জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পদপ্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে মহাজোট প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের পরাজয় মেনে নিতে পারেননি তাঁর সমর্থকেরা। তাঁদের ধারণা, রফিকুল আনোয়ার ও তাঁর অনুসারীদের অসহযোগিতার কারণে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কাছে পেয়ারুর পরাজয় হয়েছে। নির্বাচনের পর পেয়ারুর বাড়িতে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় তাঁর অনুগত ব্যক্তিরা রফিকের বিরুদ্ধে বক্তব্য দেন। অন্যদিকে সভা, সেমিনার, সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে রফিকুল আনোয়ারও অভিযোগ করেন, পেয়ারু জরুরি অবস্থায় কৌশলে প্রভাব খাটিয়ে তাঁকে (রফিককে) গ্রেপ্তার করান, যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন।রফিকুল আনোয়ারের সমর্থকেরা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে শুরু হয় দুই পক্ষের শক্তি প্রদর্শনের মহড়া। ২০০৯ সালের ৩০ মে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করেই পেয়ারুর মজবুত অবস্থান দেখা যায়। অনুগতদের মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজের আধিপত্যের জানান দেন পেয়ারু। অন্যদিকে ২৫ ডিসেম্বর দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে রফিকুল আনোয়ারের বিশাল সংবর্ধনা ছিল ওই মোটরসাইকেল শোভাযাত্রার পাল্টা জবাব। এ সময় থেকে প্রকাশ্য রূপ নেয় রফিক-পেয়ারুর বিরোধ।সূত্র জানায়, গত সংসদ নির্বাচনের পর থেকে উভয় পক্ষের মধ্যে একাধিকবার মিছিল-পাল্টামিছিল, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ২০০৯ সালের নভেম্বরে আজাদী বাজারের সোনারগাঁও হোটেলে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের চারজন আহত হয়। বিরোধ মেটাতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন তাঁর বাসায় বৈঠক করে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন। অবশ্য মোশাররফ হোসেন তখন এ সমস্যাকে ‘মতভেদ’ বলে মন্তব্য করেছিলেন।গত বছরের ৭ সেপ্টেম্বর রফিকের অনুগত নেতা-কর্মীরা নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় পরস্পরবিরোধী বক্তব্য দেন। দুই দিন পর পেয়ারুর আহ্বানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজাদী বাজারের একটি সামাজিককেন্দ্রে সমাবেশে আসার পথে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন কর্মী আহত হন। গত ঈদের পরদিন (১ সেপ্টেম্বর) উভয়ে (পেয়ারু-রফিক) স্থানীয় নেতা-কর্মীদের ডেকে মেজবান খাওয়ানোর পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন। সম্প্রতি সুস্থ হয়ে আবার মাঠে সক্রিয় হন রফিক। দলে বিরোধ প্রসঙ্গে পেয়ারুপন্থী হিসেবে পরিচিত ফটিকছড়ি থানা ছাত্রলীগের সভাপতি জামাল পাশা শওকত বলেন, ‘আমরা পেয়ারুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে কেউ কেউ নিজেকে এককভাবে প্রতিষ্ঠিত করতে দলে অশান্তির বীজ বপন করার চেষ্টা করছেন। এটা হতে দেওয়া যায় না।’রফিকুলপন্থী হিসেবে পরিচিত উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ বলেন, ‘ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও এলাকার জনগণ রফিকুল আনোয়ারের সঙ্গে আছেন। তাঁকে ছাড়া এখানকার আওয়ামী লীগের কর্মকাণ্ড কল্পনা করা যায় না।’উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্ধিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে মতভেদ ভুলে গিয়ে উভয়কে দলীয় স্বার্থে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক এস এম সোলাইমান বলেন, ‘ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের বিভক্তি দূর করতে বর্ধিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেয়ারু-রফিকের সমস্যা দূর করার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন। এখন থেকে দলে আর বিভক্তি থাকল না।’সাবেক সাংসদ রফিকুল আনোয়ার বলেন, ‘ফটিকছড়ির মাটি ও মানুষ আমার বন্ধু, তাঁদের সঙ্গেই দীর্ঘদিন রাজনীতি করছি। দলের কেউ কেউ আমার ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’ তিনি বলেন, ‘কারও সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দলে বিভক্তি নেই।’পেয়ারুল ইসলাম বলেন, ‘কেউ কেউ সভা-সমাবেশ, চা-চক্রে আমার বিরুদ্ধাচরণ করছেন। তাঁরা অতীতেও বিরোধিতা করেছেন।’ দলে বিভক্তি সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়, নতুনদের স্থান না দিলে জনগণই এ ব্যাপারে মুখ খুলবে।’