ফটিকছড়ি থেকে সামাজিক বনায়নের গাছ পাচার
ফটিকছড়ির উত্তরাঞ্চলে সরকারি বনাঞ্চলের বিভিন্ন রেঞ্জ ও বিটের আওতাধীন বন বিভাগের সামাজিক বনায়নের জায়গা ও সৃজিত গাছ কেটে অবাধে পাচার হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে বন বিভাগের কিছু লোকজনের সহযোগিতায় এসব গাছ পাচার হচ্ছে। তবে বন বিভাগ অভিযোগ অস্বীকার করেছে।জানা যায়, সরকার স্থানীয় জনসাধারণের সহায়তায় ২০০০ সালে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে ‘সামাজিক বনায়ন’ এবং ‘অ্যাগ্রো ফরেস্ট্রি’ নামে ২৫০ হেক্টরের দুইটি প্রকল্প চালু করে। এতে এলাকার গরিব, বিধবা ও ভূমিহীনদের উপকারভোগী হিসেবে নির্বাচন করা হয়। এসব প্রকল্পের মাধ্যমে সরকার এবং জনগণ উভয়ে ৫০ শতাংশ করে লাভবান হবেন।অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পে হাজারীখীল রেঞ্জের ফটিকছড়ি বিট, হাজারীখীল বিট, নারায়ণহাট রেঞ্জের ধুরুং বিট ও কাঞ্চননগর বিটে বনায়ন করা গাছগুলো কিছু লোক কেটে নিয়ে যাচ্ছেন। নারায়ণহাট বাজারের ব্যবসায়ী আবদুল গণি জানান, ধুলিয়াছড়ি, নোয়া মসজিদ ও ডলু এলাকায় জনৈক সান কুমার ত্রিপুরা, বড়ডলু এলাকার জয়নাল আবেদীনসহ কয়েকজন মিলে এসব গাছ কেটে ফটিকছড়ি, লক্ষ্মীছড়ি ও নারায়ণহাট শ্বেতছড়া সড়ক দিয়ে চাঁদের গাড়িতে করে মিরসরাই উপজেলায় পাচার করছে। নারায়ণহাট বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মাহমুদ বলেন, বালুখালী বিট, হাসনাবাদ রেঞ্জের হাসনাবাদ বিট, তাঁরাখো বিট, করেরহাট রেঞ্জের কয়লা বিট ও আঁধারমানিক বিটের অধীন ২০০৩-০৪ সালের সৃজিত সামাজিক বনায়ন প্রকল্পের অধিকাংশ গাছ ইতিমধ্যে সাবাড় হয়ে গেছে।সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সেখানকার সৃজিত বাগানের গাছ কেটে দেলোয়ার হোসেন, মো. বেলাল, মো. শাহাব উদ্দিন, মো. ইলিয়াস মিলে মাটির ঘর তৈরি করেছেন। তাঁরা বলেন, ‘বিটের কর্মকর্তাদের টাকা দিয়ে এখানে ঘর তৈরি করছি।’ তাঁরা অন্তত ৫০-৬০ হেক্টর বনায়নের জায়গা দখল করে কমলালেবু ও কলাবাগান করেছেন বলে জানান।সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, করেরহাট রেঞ্জের কয়লা বিটের অন্তত ৩০ হেক্টর খালি জায়গায় বসত বাড়ি নির্মাণ করা হয়েছে। সেখানে ২০০৪ সালে ৪০ হেক্টর উডলট, ১০ হেক্টর অ্যাগ্রো ফরেস্ট্রি, ২০০৩ সালে ১৫ হেক্টর সামাজিক বনায়নের আওতায় বাগান করা হলেও বর্তমানে এসবের অধিকাংশই গাছ শূন্য হয়ে গেছে। তবে রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বসতবাড়ি নির্মাণ এবং গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন।নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা শেখ আবদুস সবুর প্রথম আলোকে বলেন, বসত বাড়ি নির্মাণের বিষয়টি তাঁর জানা নেই। প্রয়োজনীয় লোকবল না থাকায় গাছ পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না উল্লেখ করে তিনি জানান, জনবল বাড়াতে কর্তৃপক্ষের কাছে সম্প্রতি লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।