ফটিকছড়ি প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অচলাবস্থা
জনবল সংকটের কারণে ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। দাপ্তরিক নানা কাজে কার্যালয়ে এসে প্রায় সময় ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা। এতে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন তদারকির কাজও। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২০৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৮২ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী রয়েছে। এসব বিদ্যালয়ে ৮৫২ জন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ১৯ জন প্রধান শিক্ষক এবং ৬৯টি সহকারী শিক্ষকের পদ খালি। শিক্ষা কার্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের সার্বিক কাজকর্ম দেখাশোনার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে একজন শিক্ষা কর্মকর্তা, আটজন সহকারী শিক্ষা কর্মকর্তা, চারজন অফিস সহকারী এবং একজন পিয়নসহ ১৪টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ১১টি পদই খালি। মাত্র তিনজন দিয়ে চলছে কার্যালয়ের কার্যক্রম।জানা যায়, ২০০৬ থেকে গত ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এক এক করে অন্যত্র বদলি হন। বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন একজন সহকারী শিক্ষা কর্মকর্তা। অফিস সহকারী আছেন দুইজন। সব মিলে তিনজনের জনবল দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পুরো শিক্ষা কার্যালয়ের সার্বিক কার্যক্রম। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, কর্মকর্তা-কর্মচারী না থাকায় শিক্ষকেরা টাইম স্কেল, বকেয়া বেতন, উন্নীত বেতন স্কেল পাওয়াসহ নানা কাজে কার্যালয়ে এসে ভোগান্তিতে পড়েন। বিদ্যালয় পর্যায়ে প্রয়োজনীয় নজরদারি না থাকায় শিক্ষার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। রোসাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীর অভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন-বিষয়ক প্রকল্প ক্লাস্টার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে সার্বিকভাবে শিক্ষার মানোন্নয়নে পিছিয়ে পড়ছে বিদ্যালয়গুলো।’ একাধিক শিক্ষক জানান, ২০১১ সালের জুলাইয়ে তাঁদের টাইম স্কেল পাওয়ার কথা। কিন্তু কয়েক মাস ধরে কার্যালয়ে এসে ঘোরাঘুরি করে এখনো তা পাওয়া যায়নি।ফলে প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বশির আহমদ সরকার প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারী সংকটের কারণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন-বিষয়ক ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনাসহ সব রকম কাজকর্ম করতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে। ফলে কার্যালয়সহ শিক্ষার কার্যক্রম পরিচালনায় একরকম স্থবিরতা দেখা দিয়েছে। শূন্যপদগুলো পূরণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’মো. বশির জানান, এতগুলো পদ খালি থাকা সত্ত্বেও সবার আন্তরিক প্রচেষ্টার ফলে এ বছর ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ছিল ৯৬ শতাংশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ জানান, শূন্যপদগুলো পূরণের জন্য জেলার মাসিক সমন্বয় সভায় প্রস্তাব করা হয়েছে। শিগগিরই পদগুলো পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।