ফটিকছড়ি প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল-সংকটের কারণে ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঠিকমতো তদারকির অভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন আশানুরূপ হচ্ছে না। নানা কাজে শিক্ষা কার্যালয়ে এসে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বর্তমানে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে সাত কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কার্যক্রম। প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১৩৩টি সরকারি ও ৭৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮২ হাজার ৬৬৫ জন শিশু পড়ালেখা করে। তাদের জন্য ৮৫২ জন শিক্ষক-শিক্ষিকার পদ রয়েছে। এর মধ্যে শূন্য রয়েছে প্রধান শিক্ষকের ১৯টি এবং সহকারী শিক্ষকের ৬৯টি পদ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকির জন্য একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা, আটজন সহকারী শিক্ষা কর্মকর্তা, চারজন অফিস সহকারী এবং একজন পিয়নসহ ১৪ জন লোকবল থাকার কথা। কিন্তু এর মধ্যে সাতটি পদই দীর্ঘদিন ধরে খালি। বিভিন্ন সময় বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্থলে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আটজন সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যে বর্তমানে আছেন মাত্র চারজন। তাঁদের মধ্যে একজন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। জানা গেছে, ২০০৭ সালের ২৯ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান দুর্নীতি দমন বিভাগের লোকজনের হাতে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন এবং পরবর্তী সময়ে বরখাস্ত হয়েছেন। সেই থেকে অঞ্জলী প্রভা শীল ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, অফিস সহকারীর চারটি পদের একটি এবং একমাত্র পিয়নের একটি পদও শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, কর্মকর্তা-কর্মচারী কম থাকায় শিক্ষকেরা টাইম স্কেল, বকেয়া বেতন, উন্নীত বেতন স্কেল পাওয়াসহ নানা কাজে কার্যালয়ে এসে প্রায় সময় ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যাপ্ত তদারকি না থাকায় উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন চৌধুরী জানান, লোকবল-সংকটের কারণে ক্লাস্টার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাঁর ২০১০ সালের জুলাইয়ে টাইম স্কেল পাওয়ার কথা। কিন্তু কয়েক মাস ধরে শিক্ষা কার্যালয়ে ঘুরেও টাইম স্কেল পাওয়া সম্ভব হয়নি। এ কারণে প্রতি মাসের প্রাপ্য আর্থিক-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কর্মকর্তা-সংকটের কারণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনা করা অনেক সময় সম্ভব হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তথ্য বিনিময়সহ নিয়মিত কাজগুলো করতেই হিমশিম খেতে হয়। কাজ করি তিনজনের, আর বেতন পাই একজনের। ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জলী প্রভা শীল প্রথম আলোকে জানান, সাতজন কর্মকর্তা-কর্মচারী নিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অনেক কষ্টকর। শূন্যপদগুলো পূরণে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, শূন্য পদগুলো পূরণের জন্য জেলার মাসিক সমন্বয় সভায় বলা হয়েছে।