ফটিকছড়ি বিএনপিতে অনৈক্য থেকেই গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ফটিকছড়ি উপজেলা বিএনপিতে অনৈক্য আরও বেড়েছে। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা কমিটি ভেঙে দিয়ে ১১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর বিরোধ আরও স্পষ্ট হয়েছে। সর্বশেষ ১ মার্চ দলীয় কার্যালয়ে একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে ডাকা সভা দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি দিয়ে শেষ হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের বছর দুই পর থেকে ফটিকছড়ি বিএনপি বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষে উপজেলা বিএনপির সভাপতি ছালাহ উদ্দিন এবং অপর পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক নেতৃত্ব দেন। দুই পক্ষেরই আলাদা পৌর ও একাধিক ইউনিয়ন কমিটি রয়েছে এবং তারা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর পরিস্থিতি আরও জটিল হয়। গত ১৮ ফেব্রুয়ারি উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে ফটিকছড়ি উপজেলা কমিটি ভেঙে দিয়ে ১১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মীর্জা মুহাম্মদ আকবরকে আহ্বায়ক ও সৈয়দ ওমর ফারুককে সদস্যসচিব করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ওই কমিটি অথর্ব এবং সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। তাই নির্বাচনের আগে দলকে চাঙা করতে নতুন কমিটি করা হয়েছে।
জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ১৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আট এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদে দুজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী রয়েছেন। সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে আলাদাভাবে মাঠে কাজ করছেন নেতা-কর্মীরা। এভাবে বিভক্ত হয়ে কাজ করায় সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এটি নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে বলে তাঁরা আশঙ্কা করছেন।
সূত্র জানায়, একক প্রার্থী মনোনয়নের জন্য ১ মার্চ দলীয় কার্যালয়ে সভা ডাকা হয়। সভায় দুই পক্ষের কর্মী-সমর্থকেরা নিজেদের সমর্থিত প্রার্থী মনোনয়নের ব্যাপারে অনড় থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
খোঁজ নিয়ে জানা যায়, এ প্রতিবেদন লেখা পর্যন্ত একক প্রার্থিতা নিয়ে কোনো সমঝোতা হয়নি। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে নেতা-কর্মীরা মন্তব্য করেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ছালাহ উদ্দিন বলেন, ‘গঠনতন্ত্রের আলোকে আমি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং দলের পক্ষে প্রার্থী হয়েছি। আশা করি, দলের সমর্থন পেলে বিপুল ভোটে বিজয়ী হব।’
অপর চেয়ারম্যান পদপ্রার্থী মো. সরওয়ার আলমগীর বলেন, ‘দলের বিভক্তি ঘুচলে দলীয় প্রার্থীদের সাফল্য কেউ ঠেকাতে পারবে না। তাই দুই পক্ষের নেতা-কর্মীদের এক করার লক্ষ্যে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে আমি দলীয় প্রার্থিতা প্রত্যাহার করে নেব।’
যোগাযোগ করা হলে গোলাম আকবর খোন্দকার বলেন, দুই পক্ষকে এক করার জন্য কাজ চলছে। নির্বাচনে অবশ্যই দলের একক প্রার্থী দেওয়া হবে এবং দলীয় প্রার্থীর পক্ষে সব নেতা-কর্মী কাজ করবেন। চতুর্থ ধাপে ২৩ মার্চ ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।