ফটিকছড়ি উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সম্প্রতি দুই পক্ষের শক্তির মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে তা চরম আকার ধারণ করেছে। গত ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলের দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন করতে গিয়ে এমন শক্তি প্রদর্শন করে উভয় পক্ষ। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. ছালাহ উদ্দিন, অপর পক্ষে রয়েছেন সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক।
দলীয় সূত্র জানায়, ২০১০ সাল থেকে দলের ভেতর আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপিতে মো. ছালাহ উদ্দিন ও সৈয়দ ওমর ফারুকের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তখন থেকে নিজ নিজ অনুসারীদের নিয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। ২০১২ সালের জুন মাসে সভাপতি ছালাহ উদ্দিন পক্ষ সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুককে বহিষ্কার করে হাবিব উল্লাহ বেলালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করে। এতে তৃণমূলে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সৈয়দ ওমর ফারুকের আহ্বানে নির্বাহী কমিটির সভায় সভাপতি ছালাহ উদ্দিনকে দল থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় এবং দলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়। এর পর থেকে ছালাহ উদ্দিন ও ওমর ফারুকের নেতৃত্বে আলাদা দুটি কমিটি নিজ নিজ অনুসারীদের নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।
গত ৭ জানুয়ারি দলের কেন্দ্র ঘোষিত রাজপথ-রেলপথ অবরোধ এবং ১১ জানুয়ারি বিক্ষোভ মিছিলের কর্মসূচি আলাদাভাবে পালন করে উভয় পক্ষ। সর্বশেষ কালোপতাকা কর্মসূচিটি আলাদাভাবে পালন করা হয় গত ২৯ জানুয়ারি। ওই দিন বিকেল চারটায় প্রথমে নেতা-কর্মীদের একাংশকে নিয়ে মোটর শোভাযাত্রাসহ দলীয় কার্যালয়ের সামনে আসেন সৈয়দ ওমর ফারুক। একই সময় তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে মুখোমুখি হন ছালাহ উদ্দিন। এ সময় দুই পক্ষের কর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে অন্য নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে ছালাহ উদ্দিন তাঁর অনুসারীদের নিয়ে মিছিলসহ বিবিরহাট বাজার প্রদক্ষিণ করেন। আর ওমর ফারুক চলে যান নাজিরহাটের দিকে তাঁর সমর্থকদের নিয়ে।
দলীয় সূত্রমতে, সৈয়দ ওমর ফারুককে আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন উত্তর জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক শিল্পপতি মো. সারওয়ার আলমগীর। অন্যদিকে, সভাপতি ছালাহ উদ্দিনকে সহায়তা দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি ও স্থানীয় বিএনপি নেতা আজিম উল্লাহ বাহার চৌধুরী। জানতে চাইলে ছালাহ উদ্দিন বলেন, কেউ কেউ দলে ভাড়া করা লোক এনে শক্তি দেখাচ্ছেন। কিছু নেতা তোয়াজের রাজনীতি করেন। এটি বেশি দিন টিকবে না। তিনি বলেন, ‘খরচের জন্য ফয়েজি সাহেবরা কিছু দিলেও আমরা দলীয় চাঁদার ওপর নির্ভর করি।’
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী দলে কোন্দল থাকার কথা স্বীকার করে বলেন, ‘এভাবে দলের কর্মসূচি চলতে থাকলে ভবিষ্যতে আমাদের উপস্থিতি না-ও থাকতে পারে। দুই পক্ষকেই শক্তি না দেখিয়ে একত্রে কর্মসূচি সফল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, দলের সংকটকালে দলে বিভক্তি কাম্য নয়। এতে অন্য পক্ষ সুযোগ নেবে। দলীয় কর্মীদের চা-নাশতা খাওয়ার জন্য কিছু দিলে তা দোষের নয় বলে মন্তব্য করেন তিনি।
ওমর ফারুক বলেন, বিএনপি বড় দল হিসেবে কারও কারও সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে। তবে দলের হাইকমান্ডের নির্দেশে সবকিছু ঠিক হয়ে যাবে। মো. সারওয়ার আলমগীরের কাছ থেকে ‘কর্মীদের চা-খরচের জন্য’ অর্থ সাহায্য নেওয়ার কথা স্বীকার করেন তিনি। এ বিষয়ে মো. সারওয়ার আলমগীর বলেন, ‘দলের মূল স্রোতের সঙ্গে আমি কাজ করছি। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।’