ফটিকছড়ি উপজেলা বিএনপির বিভক্তির প্রভাব পড়েছে উপজেলা ছাত্রদলে। বর্তমানে ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন, পৌর ও কলেজ কমিটিতে বিভক্তি প্রকট হয়ে উঠেছে। এমনকি একাধিক ইউনিয়ন ও পৌর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনাও ঘটেছে।দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) ফটিকছড়ি উপজেলা থেকে বিএনপির সাংসদ নির্বাচিত হওয়ার পর ছাত্রদলে তাঁর অনুসারীদের একটা শক্ত অবস্থান তৈরি হয়। তাঁরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে গোছানোর জন্য তৎপরতা চালান। কিন্তু সাকা চৌধুরী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই এখানকার বিএনপিতে বিভক্তি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক আলাদাভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকেন। এসব কর্মসূচিতে দেওয়া পরস্পরবিরোধী বক্তব্যের প্রভাব পড়ে ইউনিয়ন, পৌর ও কলেজ ছাত্রদলে। জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিনের সঙ্গে উত্তর জেলা বিএনপির প্রভাবশালী নেতা মো. সরোয়ার আলমগীরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঙ্গে সম্পর্ক রয়েছে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা মোর্শেদ বিল্লাহর। তাঁরা পৃথক কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, কলেজ ও পৌরসভা ছাত্রদলে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে কাজ করছেন। প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচিও আলাদাভাবে পালন করছেন তাঁরা। জানা যায়, বর্তমানে উপজেলা ছাত্রদলের দুটি কমিটি রয়েছে। একটির আহ্বায়ক হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিনপন্থী মিয়া মো. মোশরাফুল আনোয়ার। ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। অপরদিকে, অপরটির আহ্বায়ক হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকপন্থী মো. জালাল উদ্দিন চৌধুরী। ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক রয়েছেন ১৪ জন।সূত্র জানায়, গত জানুয়ারিতে দলের উপজেলা কার্যালয়ে অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ছাড়া, গত এক বছরে হারুয়ালছড়ি, সুন্দরপুর, নাজিরহাট ও উপজেলা সদরে ছাত্রদলের দুই পক্ষে অন্তত পাঁচবার পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত ২৩ এপ্রিল বিকেলে সালাহউদ্দিন পক্ষ হরতাল সফল করার লক্ষ্যে অল্পসংখ্যক নেতা-কর্মী নিয়ে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। ওমর ফারুক পক্ষের নেতা-কর্মীরাও প্রায় ৫০০ গজ দূরে বাস স্টেশনের কাছে আলাদা কর্মসূচি পালন করেন ওই দিন। সর্বশেষ ২৮ এপ্রিল দুই দিনের হরতালকে সামনে রেখে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সালাহউদ্দিন পক্ষের নেতারা। একই সময় ওমর ফারুকের নেতৃত্বে নেতা-কর্মীরা নাজিরহাট এলাকায় একটি সামাজিককেন্দ্রের সামনে প্রতিবাদ সভা এবং বিবিরহাট-নাজিরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলা ছাত্রদলের এক পক্ষের আহ্বায়ক মিয়া মো. মোশরাফুল আনোয়ার বলেন, বিএনপির কোন্দলের প্রভাব ইউনিয়ন ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছে। ফলে ছাত্রদলের বিভিন্ন কমিটিতে কোন্দল আগের তুলনায় বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। এটি দলের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।ছাত্রদলের অপরপক্ষের আহ্বায়ক মো. জালালউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সবাই খালেদা জিয়া এবং তারেক রহমানের িঅনুসারী। এখানে কোনো বিভেদ থাকা উচিত নয়। এতে নিজেদের ক্ষতির পাল্লাটাই ভারী হয়।’ তিনি দাবি করেন, যাঁরা বিভক্তির রূপকার তাঁরা দলের দুর্দিনের নয়, সুদিনের বন্ধু।এ প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মোরশেদ বিল্লাহ বলেন, নারায়ণহাট, সুন্দরপুর ও ফটিকছড়ি পৌর এলাকায় ছাত্রদলের একাধিক পক্ষ রয়েছে। তবে একটি পক্ষের মধ্যে ছাত্রদল নামধারী কিছু অছাত্র রয়েছে। উপজেলা বিএনপির বিরোধ মিটে গেলে ছাত্রদলের মধ্যেও অস্থিরতা কেটে যাবে।উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন বলেন, দলে কিছু সুবিধাভোগী রয়েছেন। তাঁদের আস্ফাালন ইদানীং বেশি বেড়ে গেছে। তাই দলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এখন কোনো বিভক্তি নেই। দলীয় এবং গঠনতন্ত্রের নির্দেশ মতে দলীয় কর্মসূচিগুলো পালন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক বলেন, যাঁরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের বিরুদ্ধে কেউ কেউ এখন গঠনতন্ত্রবিরোধী কাজের অভিযোগ তুলছেন। কিন্তু নেতা-কর্মীরা ভালো করে জানেন, ফটিকছড়ির মাটিতে অত্যাচার-নিপীড়নের শিকার কে বা কারা হয়েছেন।চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বড় দলে কিছুটা ভুল বোঝাবুঝি থাকতেই পারে। এটি দোষের কিছু নয়। তবে, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিগগিরই এসব সমস্যার সমাধান করা হবে।