ফটিকছড়িতে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ধুরুং খুলশী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তিবাণিজ্য চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা গত বৃহস্পতিবার মানববন্ধন করেছেন অধ্যক্ষের বিরুদ্ধে। এ সময় তাঁরা অধ্যক্ষের অপসারণ দাবি ও তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।জানা যায়, এ বছর বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ফি নির্ধারণ করা হয় ৮৫০ টাকা। পরের প্রতিশ্রেণীতে এর সঙ্গে পাঁচ টাকা করে যোগ হবে। অভিভাবক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ওপর অতিরিক্ত ফি-এর বোঝা চাপিয়েছে। কারণ উপজেলার অন্যান্য বিদ্যালয়ে ভর্তি ফি নেওয়া হচ্ছে শ্রেণীভেদে ৪৫০ থেকে ৫০০ টাকা। পার্শ্ববর্তী ফটিকছড়ি সৈয়দ-সৈয়দা উচ্চবিদ্যালয়ে নেওয়া হচ্ছে ৪২০ থেকে ৪৪৫ টাকা। বাড়তি ফি-এর প্রতিবাদে ৭ জানুয়ারিও সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেন অভিভাবক-শিক্ষার্থীরা। এরপর অধ্যক্ষ কয়েক দিন বিদ্যালয়ে আসেননি। এর মধ্যে তিনি ফটিকছড়ি থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ ব্যক্তির বিরুদ্ধে একটি ডায়েরি করেন। এতে তাঁকে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া, মারধরের চেষ্টা এবং মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। গত বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে এলে অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। একাধিক অভিভাবক জানান, অধ্যক্ষ তাঁর জীবনের নিরাপত্তার দাবির নামে এলাকাবাসীর বিরুদ্ধে থানায় যে অভিযোগ দিয়েছেন তা কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যমূলক।অভিভাবক শেখ মো. হোসেন বলেন, ‘প্রতিবাদকারীরা ন্যায্য দাবি জানিয়েছেন। তাঁরা কোনো অপরাধ করেননি।’ বিদ্যালয়ের শিক্ষার্থী নিলুফার ইয়াছমিন বলে, ‘ভর্তি-ইচ্ছুক ছাত্রদের কাছ থেকে যেভাবে গলাকাটা ফি আদায় করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।’ প্রতিবাদকারীরা অধ্যক্ষের অপসারণ দাবি ও তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সময় তাঁরা ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে উঠলে ফটিকছড়ি থানার একদল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের শান্ত করেন। তাঁরা বলেন, ‘এটি আপনাদের এলাকার বিদ্যালয়, এলাকাবাসী যেভাবে চায় সেভাবে এটি চলবে।’ এ ব্যাপারে অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, ‘সমপ্রতি এলাকার কিছু লোক আমাকে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। আমাকে মারধর করতে চাইছেন। অজ্ঞাত মুঠোফোন থেকে হুমকি দিচ্ছেন। আমি বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।’ ভর্তিবাণিজ্যের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘কমিটি যা হুকুম দেয়, আমি তা পালন করি। আমার একার কিছুই করার নেই।’অধ্যক্ষের অভিযোগ সম্পর্কে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লেয়াকত আলী বলেন, ‘এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। অভিযোগটি প্রাথমিক তদন্তে কল্পনাপ্রসূত বলে ধরে নেওয়া যায়।’স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাছিনা খান বলেন, ‘ভর্তি ফির বিষয়ে সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। সৃষ্ট ঘটনার বিষয়ে জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, ‘এটা এমপিওভুক্ত বিদ্যালয়। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগগুলোর তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদন লিখিত আকারে বোর্ডে পাঠিয়েছি। শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’