ফটিকছড়িতে অনাবাদি ১৩ হাজার হেক্টর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচ-সুবিধা না থাকায় বোরো মৌসুমে ফটিকছড়ি উপজেলায় ১৩ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে আছে। আমন চাষের পর এসব জমি খালি পড়ে থাকে। সেচ-সুবিধা নিশ্চিত করা গেলে এসব জমিতে মৌসুমে অন্তত ৪০ হাজার মেট্রিক টন চাল বেশি উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে চাষাবাদযোগ্য জমির পরিমাণ ২৫ হাজার ৪২৫ হেক্টর। এর মধ্যে আমন চাষ হয় ২১ হাজার ৩২৫ হেক্টরে। আর চলতি বোরো মৌসুমে চাষাবাদের আওতায় আসছে মাত্র আট হাজার ১০০ হেক্টর। কিন্তু সেচের অভাবে ১৩ হাজার ২২৫ হেক্টর জমি অনাবাদি থেকে যাচ্ছে।

জানা যায়, উপজেলার আবদুল্লাহপুর, জাফতনগর, ধর্মপুর, বক্তপুর, নানুপুর, রোসাংগিরি, লেলাং, দৌলতপুর, সুয়াবিল, হারুয়ালছড়ি, ধুরুং, রাঙ্গামাটিয়া, ভূজপুর, সুন্দরপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগান বাজার ইউনিয়নে প্রতিবছর এসব জমি অনাবাদি থেকে যাচ্ছে। বোরো মৌসুমে সেচ-সুবিধা পেলে কৃষকেরা পতিত এসব জমিতে বোরো ধান আবাদ করার সুযোগ পেতেন।

সম্প্রতি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুম্ভারপাড়া, দক্ষিণ দৌলতপুর, ফকিরহাট ও রোসাংগিরি ইউনিয়নের শীলের হাট, পূর্ব আজিমনগর ও আজিমনগর গ্রামে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমি খাঁ খাঁ করছে। কিছু স্থানে জমির মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটার জন্য।

রোসাংগিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, তাঁর ইউনিয়নে বোরো মৌসুমে এক হাজারের বেশি একর জমি অনাবাদি পড়ে থাকে। সেচের অভাবে এসব অঞ্চলে চাষাবাদ করা যায় না।

সুন্দরপুর গ্রামের কৃষক আবু বক্কর ছিদ্দিক বলেন, সেচ-সুবিধা না থাকায় তার তিন একর জমি পড়ে আছে। লেলাং গ্রামের কৃষক মো. ওমর ফারুক বলেন, বোরো মৌসুমে সেচ-সুবিধা নেই। তাই তাঁর দুই একর জমি অনাবাদি।

ফটিকছড়ি পৌরসভা এলাকার কৃষকেরাও সেচ-সুবিধা না থাকায় কেবল আমন ধান আবাদ করেন। এই অঞ্চলের কৃষকেরা সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন কৃষকেরা।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় আট হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, যা আমনের এক-তৃতীয়াংশ। তিনি আরও বলেন, যদি অনাবাদি জমিগুলো সেচের আওতায় এনে বোরো চাষাবাদ করা যায়, তাহলে ৪০ হাজার মেট্রিক টন বেশি চাল উৎপাদন করা সম্ভব হবে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান বলেন, উপজেলার হালদা, ফটিকছড়ি, তেলপারই ও ধুরুং খালে রাবার ড্যাম নির্মাণ এবং বিভিন্ন উৎস থেকে পানি সরবরাহের জন্য নালা তৈরি করা হলে বিপুল পরিমাণ জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। এতে কৃষকেরা সহজেই বোরো আবাদ করতে পারবেন।