ফটিকছড়িতে আ.লীগ নির্ভার, হতাশা বিএনপিতে
উপজেলা নির্বাচনে দলীয় প্রধানের নির্দেশনা না মেনে ফটিকছড়িতে বিএনপি-জামায়াত (১৯-দলীয় জোট) জোটের একাধিক নেতা নির্বাচন করছেন। তবে আওয়ামী লীগ সমর্থক একাধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিলেও প্রতিটি পদে একজন ছাড়া অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মাঠে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে খুশি এবং বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ২৩ মার্চ চতুর্থ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ উপজেলায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। দলীয় সভানেত্রীর নির্দেশ অনুযায়ী ৩ মার্চ উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালামসহ জেলা কমিটির নেতারা ফটিকছড়ির তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করেন। এতে সবার মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম তৌহিদুল আলম, ভাইস চেয়ারম্যান পদে উত্তম কুমার মহাজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জেবুন নাহারকে সমর্থন দেওয়া হয়। দলের বাকি প্রার্থীরা ৬ মার্চ তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
অন্যদিকে, বিএনপি-জামায়াত তথা ১৯- দলীয় জোটের মধ্য থেকে উপজেলা বিএনপির সভাপতি ছালাহ উদ্দিন ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অর্থনৈতিক-বিষয়ক সম্পাদক মো. সরওয়ার আলমগীর এবং জামায়াতের মাওলানা হাবিব আহমদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে থেকে গেছেন। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বিএনপির মো. নাসির উদ্দিন ও খোরশেদুল আলম, জামায়াতের আলমগীর মো. ইউনুস, ইসলামী ঐক্যজোটের আবু তালেব ও আশরাফ বিন এয়াকুব। নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বিএনপির তামান্না হাসনাত এবং জামায়াতের সাজিয়া সুলতানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চেয়ারম্যান পদে মো. সরওয়ার আলমগীর, ভাইস চেয়ারম্যান পদে মো. নাসির উদ্দিন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তামান্না হাসনাত বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন। তাঁদের একক প্রার্থী রাখতে কেন্দ্রের নির্দেশ থাকলেও ছালাহ উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহার করতে নারাজ। ভাইস চেয়ারম্যান পদের অন্য প্রার্থীরাও সরে দাঁড়াতে চান না।
প্রার্থী থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানিয়ে সভাপতি ছালাহ উদ্দিন বলেন, ‘এটি দলীয় নির্বাচন নয়। বছরের পর বছর ধরে আমি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি, এখন গণসংযোগ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘এখনো সময় আছে দলের সিদ্ধান্ত পরিবর্তন করার। আমি ভোটের ময়দানে আছি।’ দলের সমর্থন পাওয়া সরওয়ার আলমগীর দাবি করেন, ‘দলের সমর্থন পেয়ে আমি মাঠ-ময়দান চষে বেড়াচ্ছি। নির্বাচন হলে কার জনপ্রিয়তা কত, তা প্রমাণিত হবে।’
এদিকে একক প্রার্থী থাকার বিষয়টি নিশ্চিত হয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ফটিকছড়িতে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন। হতাশ হয়ে পড়েছেন বিএনপি নেতা-কর্মীরা।
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘তৃণমূলের ভোটে আমরা প্রার্থী নির্বাচন করেছি। দলে এখন কোনো বিভেদ নেই। আমাদের প্রার্থী দ্বিগুণ ভোটে নির্বাচিত হবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দলীয় নেত্রীর নির্দেশ না মেনে এক পদে একাধিক ব্যক্তি প্রার্থী হয়েছেন। এটি দল ভরাডুবি একটি উৎস হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক জানান, একাধিক প্রার্থী থাকলে বিরোধীপক্ষ এর সুবিধা নেবে। তাই দলের বা জোটের বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানো উচিত। এ বিষয়ে উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।