ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৫৬ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে আগুনে পুড়ে গেছে ৫৬টি দোকান। গত মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার ফায়ার সার্ভিসের দুটি দল সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদি, প্রসাধনী, টেইলারিং, ইলেকট্রনিকস ও কাপড়ের দোকান ছিল।

ফটিকছড়ি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (এসও) ফিরোজ খান বলেন, ‘সকাল সাড়ে সাতটায় আমরা ঘটনাস্থলে পৌঁঁছাই। আগুনের ভয়াবহতা দেখে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানাই। দুটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ৬০ লাখ টাকার মালামালও উদ্ধার করা হয়।’

সরেজমিনে দেখা যায়, সব হারিয়ে আহাজারি করছিলেন কয়েকজন দোকান মালিক। ধ্বংসস্তূপ থেকে আংশিক পুড়ে যাওয়া সম্বলটুকু উদ্ধারের চেষ্টা করছিলেন কেউ কেউ।

প্রসাধনী পণ্যের দোকানের মালিক রণজিত কুমার নাথ বলেন, ‘জীবনের সব সঞ্চয় শেষ। নিজের সম্বলটুকু উদ্ধারের চেষ্টা করছি।’

হাজি ক্লথ স্টোরের মালিক মো. সোলাইমান বলেন, ‘আগের মজুত ছাড়াও ঘটনার দুই দিন আগে আট লাখ টাকার কাপড় মজুত করেছি। কোনো মালামালই উদ্ধার করতে পারিনি।’

কণিকা ক্লথ স্টোরের মালিক মো. দৌলত বলেন, ‘দুই বছর আগে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। এখন ঋণের টাকা কীভাবে জোগাড় করব?’

দুর্ঘটনার পর দুর্গত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আজহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে অন্তত ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।