ফটিকছড়িতে আমন খেতে ইঁদুরের উপদ্রব
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভূজপুর থানার তিনটি ইউনিয়নে আমন ধানের খেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। ইঁদুরের দল ধানগাছের গোড়া কেটে দিচ্ছে। কোনো ফাঁদ বা ওষুধে রেহাই মিলছে না। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূজপুর এলাকার প্রায় ৫০ একর জমিতে ইঁদুর হানা দিয়েছে। ওই সব এলাকায় ইঁদুর দমনে কৃষকদের নানা পরামর্শও দিচ্ছে কৃষি বিভাগ।
সম্প্রতি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি, নারায়ণহাট ও ভূজপুর গ্রামে গিয়ে দেখা যায়, অনেক খেতে ইঁদুর ধানগাছ কেটে খেত ফাঁকা করে ফেলেছে। চাষিরা খেতের ভেতর থেকে ইঁদুরে কাটা ধানগাছ হাতে করে নিয়ে আসছেন। ইঁদুর হানা দেওয়ার পর মাঠের ধান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষক পড়ে থাকা ধানগাছ গবাদিপশুকে খাওয়াচ্ছেন। ফলন কেমন হবে, এ নিয়ে উৎকণ্ঠায় আছেন তাঁরা।
নারায়ণহাট গ্রামের সাদেকুল ইসলাম (৫০) বলেন, ‘নানা কৌশল অবলম্বন করেও ইঁদুরের হাত থেকে রোপা আমন রক্ষা করা যাচ্ছে না। এখন ফলন নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’
হারুয়ালছড়ি গ্রামের চাষি আবু বক্কর (৪৫) বলেন, ‘কর্জ করা টাকায় আমি ৩০ শতক জমিতে ধান চাষ করেছি। এখন ইঁদুর খেত নষ্ট করে দেওয়ায় চোখে অন্ধকার দেখছি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২১ হাজার ৩২৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। এর মধ্যে ৫০ একর জমিতে ইঁদুর আক্রমণ করেছে। যেসব এলাকার জমি নিচু, সেসব এলাকায় ইঁদুরের আক্রমণ বেশি হয়েছে। ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে চাষিদের কী কী করতে হবে, সে বিষয়ে বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, ইঁদুর দমনের জন্য সবচেয়ে ভালো উপায় খেতে এমন কিছুর ব্যবস্থা করা যাতে সব সময় শব্দ হতে থাকে। শব্দ হলে ইঁদুর ভয়ে আর খেতে ঢুকবে না। এ ছাড়া আরও বিভিন্ন কৌশল আমরা প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করে কৃষকদের দেখাচ্ছি। এসবের সহায়তা নেওয়া যেতে পারে।