ফটিকছড়িতে আমন খেতে পোকার আক্রমণ
ফটিকছড়ি উপজেলায় আমন খেতে বিভিন্ন রকম পোকার আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে পোকার আক্রমণ লেগেছে বলে বেসরকারিভাবে ধারণা হচ্ছে। এতে চলতি আমন মৌসুমে উৎপাদন কম হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে অল্প জমিতে পোকার আক্রমণ হয়েছে। তবে এসব পোকা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ সুন্দরপুর গ্রামের বর্গাচাষি মো. তৌহিদুল আলম জানান, অতি বৃষ্টির কারণে জমি তলিয়ে যাওয়ায় চলতি বছর দুইবার আমন চারা রোপণ করতে হয়েছে। এরপর এখন ধান গজানোর সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন পোকার আক্রমণ। তিনি বলেন, ‘চলতি মৌসুমে তিন কানি জমিতে চাষ করেছি। এর মধ্যে এক কানির বেশি জমিতে পোকার আক্রমণ হয়েছে। বিভিন্ন রকম কীটনাশক (ফুরাডান, খোলা বিষ) ব্যবহার করেও তেমন ফল পাওয়া যাচ্ছে না।’ সমিতিরহাট গ্রামের কৃষক নুরুল কবির বলেন, ‘এ বছর আমন চাষের শুরু থেকেই অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত খরাসহ নানা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ি। আমার জমি ছাড়াও অনেকের জমিতে দেরিতে রোপণ করা ধানগাছ মাজরা ও খোলপচা রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এতে সবাই বেকায়দায় পড়েছি।’সদর রাঙ্গামাটিয়া গ্রামের চাষি মো. জাফর বলেন, ‘অনেক আশা করে পাঁচ (দুই একর) কানি জমিতে আমনের আবাদ করেছি। কিন্তু যে হারে রোগ বালাই লেগে আছে, তাতে মনে হয় খাটানো পুঁজি তোলা যাবে না।’ ধর্মপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ বড়ুয়া বলেন, ‘রোপা আমনের জমিতে যে পরিমাণ সার ব্যবহার করা উচিত, কৃষকেরা সে পরিমাণ সার ব্যবহার করেননি। বিশেষ করে জমিতে ফসফরাস ও গন্ধকের অভাব থাকলে ধানগাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে কীটনাশক ব্যবহার করেও কৃষকেরা ভালো ফল পায় না।’উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, আমন ফসলে পোকার আক্রমণ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, কৃষকেরা পার্সিং (খুঁটি পোঁতা) পদ্ধতি গ্রহণের ফলে এবার অতীতের তুলনায় পোকার আক্রমণ অনেকাংশে কম হয়েছে।