ফটিকছড়িতে আমনখেতে পানি, ক্ষতির আশঙ্কায় চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাই-আগস্ট মাসে দুই দফা বন্যার পর গত ১০ দিন টানা বর্ষণে ফটিকছড়ি উপজেলার ৩ হাজার ১৫০ হেক্টর জমির বোনা আমন ধান পানিতে ডুবে গেছে। এসব খেত থেকে দ্রুত পানি সরানো না গেলে ফসল নষ্ট হয়ে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার নানুপুর, সমিতিরহাট, লেলাং, নারায়ণহাট, দাঁতমারা, ভুজপুর, হারুয়ালছড়ি, সুন্দরপুর ও রোসাংগিরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোপা আমনখেত ডুবে আছে পানিতে। এসব বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।
সমিতিরহাট গ্রামের চাষি রফিকুল ইসলাম (৩৫) বলেন, ‘সমিতিরহাট বিলের অধিকাংশ জমিতে বছরে একবার ফসল হয়। কয়েক দিনের বৃষ্টিতে সেই ফসলও নষ্ট হচ্ছে। আমার ৪ একর জমির রোপা আমন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে খরচ করা প্রায় এক লাখ টাকা গচ্চা গেল।’
সুন্দরপুর গ্রামের চাষি এনায়েত করিম (৩২) বলেন, ‘সুন্দরপুর বিলে দুই একর জমিতে আমনের চাষ করেছি। সব ধানগাছ ডুবে গেছে। পানি যাওয়ার রাস্তা করে দিতে পারলে কিছু গাছ বাঁচানো যেত।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ জানান, উপজেলায় এবার ২১ হাজার ১২৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এর মধ্যে বৃষ্টিতে ১ হাজার ৮০০ হেক্টর জমির ধান সম্পূর্ণ এবং ১ হাজার ৩৫০ হেক্টর জমির ধান আংশিক ডুবে গেছে। বেশি ক্ষতি হয়েছে নারায়ণহাট, সমিতিরহাট ও সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আমিনুল হক চৌধুরী বলেন, বৃষ্টি অব্যাহত রয়েছে। এসব আমন ধান ৭ থেকে ১০ দিন পানিতে ডুবে থাকলে নষ্ট হয়ে যাবে। ক্ষতির মুখে পড়বেন চাষিরা। তিনি আরও বলেন, পানি নিষ্কাশনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এলাকার নদী ও খালগুলো সংস্কার করতে হবে।