ফটিকছড়িতে আমনের খেতে পোকার আক্রমণ
বৃহত্তর ফটিকছড়ি উপজেলায় আমনের খেতে বিভিন্ন রকম পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে ২৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ হয়েছে।উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের কৃষক জোনায়েত হোসেন জানান, খরার কারণে এ বছর আমন ধান রোপণে দেরি হয়েছে। এরপর আবার ধান গজানোর সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন পোকার আক্রমণ। তিনি জানান, সাত কানি (দুই একর ৮০ শতক) জমিতে তিনি আমনের চাষ করেছেন। এর মধ্যে ৪০ শতকের বেশি জমির ধান রোগাক্রান্ত হয়েছে। বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। খিরাম গ্রামের কৃষক ইসমাইল হোসেন জানান, এ বছর আমন চাষের শুরু থেকেই কৃষকেরা খরাসহ নানা প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছে। দেরিতে রোপণ করা ধানগাছে মাজরা ও খোলপচা রোগসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।দৌলতপুর গ্রামের চাষি হাবিবুল্লাহ বলেন, ‘অনেক আশা করে এক একর জমিতে আমনের চাষ করেছি। কিন্তু যে হারে রোগ-বালাই লেগে আছে, তাতে মনে হচ্ছে জমিতে খাটানো পুঁজি তোলাই কষ্টকর হবে।’ তিনি সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনা মূল্যে কীটনাশক সরবরাহ এবং মাঠপর্যায়ের উপ-কৃষি কর্মকর্তাদের সরেজমিনে সহায়তা কামনা করেন।উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘জমিতে যে পরিমাণ সার ব্যবহার করা উচিত, আমন মৌসুমে কৃষকেরা সে পরিমাণ সার ব্যবহার করেননি। বিশেষ করে জমিতে ফসফরাস ও গন্ধকের অভাব থাকায় ধানগাছের রোগ প্রতিরোধক্ষমতা কমে গেছে। ফলে এখন কীটনাশক ব্যবহার করেও কৃষকেরা ভালো ফল পাচ্ছেন না।’ তবে বিভিন্ন পোকার ব্যাপক আক্রমণের আগেই বেশির ভাগ এলাকায় গাছে দুধ ধান এসে গেছে বলে তিনি জানান।উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে জানান, আমন ফসলে পোকার আক্রমণ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দিতে বলা হয়েছে। তিনি বলেন, অবস্থার উন্নতি না হলে প্রয়োজনে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সহায়তায় পোকা দমনের ব্যবস্থা নেওয়া হবে।