ফটিকছড়িতে উন্নয়নবিষয়ক অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলায় প্রশাসনের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি উন্নয়নবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে আয়োজিত এই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম গত তিন বছরে উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
সভায় তিনি বলেন, ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে গত কয়েক বছরে। এই উপজেলা নিম্ন আয়ের অঞ্চল থেকে মধ্যম আয়ের অঞ্চলে পরিণত হবে অচিরেই।
এই লক্ষ্যে সরকার বিদ্যুৎ, শিক্ষা ও কৃষি খাতে নানা উন্নয়ন পরিল্পনা হাতে নিয়েছে। সামনের বছরগুলোতে এসব পরিকল্পনা বাস্তবায়ন হবে। ­তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিগত তিন অর্থ বছরে সাড়ে চার শ কোটি টাকা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। গত তিন বছরে বিদ্যুৎ খাতে ফটিকছড়ি উপজেলায় ৫০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ চাহিদা ছয় মেগাওয়াট থেকে বাড়িয়ে ৩০ মেগাওয়াটে উন্নীত করা হয়। বর্তমানে ফটিকছড়িবাসী নিরবিচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে। ভবিষ্যতে এই উপজেলায় আরও তিনটি বিদুৎ উপকেন্দ্র স্থাপিত হবে বলেও তিনি জানান। এসব উপকেন্দ্র স্থাপিত হবে রোসাংগিরী, সুয়াবিল ও হেঁয়াকোতে। সেখানে ব্যয় হবে পাঁচ শ কোটি টাকা। তিন বছর আগে ফটিকছড়িতে বিদ্যুতের মিটার ছিল ৩৫ হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজারে।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, ফটিকছড়ি পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক নিয়াজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম প্রমুখ।