
ফটিকছড়িতে আবাদি জমি ভরাট করে গড়ে উঠছে আবাসিক ও বাণিজ্যিক ভবন। ফলে কমে যাচ্ছে ফসল উৎপাদন। গত তিন বছরে উপজেলায় আবাদি জমি কমেছে তিন হাজার ৬২৫ হেক্টর।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে শস্য উৎপাদনের ক্ষেত্রে ফটিকছড়ি অন্যতম। কিন্তু কয়েক বছর ধরে এখানে, বিশেষ করে সড়কের পাশের আবাদি জমিতে বসতঘর, দালান ও দোকানপাট গড়ে উঠছে। দাম বাড়ায় মালিকেরাও বিক্রি করে দিচ্ছেন জমি। ২০০৯ সালে আবাদি জমির পরিমাণ ছিল ২৪ হাজার ৯৫০ হেক্টর। ২০১৩ সালে এসে তা নেমেছে ২১ হাজার ৩২৫ হেক্টরে।
সরেজমিনে দেখা গেছে, নাজিরহাট ঝংকার, ধুরুং, রাঙামাটিয়া, নানুপুর, বিনাজুরী, পেলাগাজির দীঘি ও ভূজপুরে কৃষিজমিতে অসংখ্য স্থাপনা। কোনো কোনো জায়গায় দেখা গেছে আশপাশের জমিতে এখনো চাষ হচ্ছে, কিন্তু মাঝখানে নির্মাণ করা হয়েছে পাকা দালান।
নাজিরহাটে রাস্তার পাশের কৃষিজমি কিনে তা ভরাট করছেন ব্যবসায়ী আলী আজম। তিনি বলেন, সুবিধাজনক দামে পাওয়ায় জমিটি কিনেছি। ভবিষ্যতের কথা চিন্তা করে এখন ভরাট করছি। পৈত্রিক সূত্রে পাওয়া কৃষিজমি ভরাট করে করাতকল স্থাপন করেছেন নারায়ণহাটের বাসিন্দা মো. ইউসুফ। তিনি জানান, ব্যবসার ভালো সম্ভাবনা দেখে জমি ভরাট করে করাতকল স্থাপন করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ জানান, প্রতি বছর কৃষিজমি ভরাট করে রাস্তাঘাট, ইটভাটা, দোকান ও দালান নির্মাণ করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনের ওপর।
কৃষিজমিতে অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো নীতিমালা না থাকায় ইচ্ছেমতো স্থাপনা গড়ে উঠছে।
এদিকে কৃষির জন্য আরেকটি সমস্যা হচ্ছে, ইটভাটার জন্য খেতের মাটি বিক্রি করা। হারুয়ালছড়ি গ্রামের বাসিন্দা আহমদ রশিদ ও সেলিম উদ্দিন জানান, এ অঞ্চলের দরিদ্র পরিবারগুলো অভাবের তাড়নায় কৃষিজমির উর্বর মাটি ইটভাটায় বিক্রি করছে। এতে আবাদি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং উৎপাদন দ্রুত কমছে।
এ ব্যাপারে কৃষি বিভাগের কর্মকর্তা জানান, ফসলি জমির ওপরের স্তরের মাটির ছয় ইঞ্চি পর্যন্ত উর্বর থাকে। যে জমির ওপরের অংশের মাটি বিক্রি করা হয়, তা আবারও আগের মতো উৎপাদনক্ষম করে তুলতে কমপক্ষে তিন-চার বছর সময় লাগে। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, কৃষিজমিতে স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।