ফটিকছড়িতে ছাত্রলীগের সম্মেলন ঘিরে চাঙা নেতা-কর্মীরা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ, পৌরসভা ও ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। সংগঠনের বিভিন্ন স্তরে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরা সক্রিয় হয়েছেন। সংগঠনে দেখা দিয়েছে চাঙা ভাব।
ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, ২০১৩ সালের ১১ এপ্রিল উপজেলার ভূজপুরে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের শোভাযাত্রায় জামাত-বিএনপি ও হেফাজতের হামলার ঘটনার পর ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা কিছুটা ঝিমিয়ে পড়ে। এ ছাড়া কমিটির মেয়াদ পেরিয়ে যাওয়ায় কার্যক্রমও ঢিলেঢালা হয়ে পড়ে। এসব কারণে উপজেলার বিভিন্ন কলেজ, পৌরসভা ও ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়। এই হতাশা দূর করতে ও সংগঠনকে চাঙা করতে গত সেপ্টেম্বর মাস থেকে উপজেলায় ছাত্রলীগের বিভিন্ন শাখার সম্মেলন শুরু হয়। ইতিমধ্যে উপজেলার পাঁচটি কলেজ, দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের মধ্যে দুটি কলেজ, একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। বাকিগুলোতে চলছে সম্মেলনের প্রস্তুতি। সর্বশেষ ২৮ ডিসেম্বর বাগানবাজার ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃণমূল নেতা-কর্মীদের মতামত ও নির্বাচনের ভিত্তিতে ওই সব কমিটি গঠন করা হয়।
ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ছাদেক আলী সিকদার জানান, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় স্থানীয় কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সম্প্রতি সম্মেলন হয়ে যাওয়ায় দলকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে সবার মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।
ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. আবু শোয়াইব জানান, ‘ভূজপুরের ঘটনার পর দলের মাঝে এক ধরনের হতাশা ছিল। এছাড়া দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা। সম্মেলনের কারণে এখন সংগঠনের নেতা-কর্মীদের মাছে নতুন উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।’ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুহাম্মদ সাহেদুল আলম বলেন, ‘আগামী মাসের মধ্যেই সব কলেজ, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ হবে। এরপর উপজেলা কমিটির সম্মেলন হবে। বিভিন্ন পর্যায়ে সংগঠনে নতুন নেতৃত্ব আসার কারণে দলে চাঙা ভাব দেখা দিয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ১ আগস্ট উপজেলা ছাত্রলীগের সম্মেলনের জন্য চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ফটিকছড়ি ১৩১ সদস্য একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। তারা এসব কলেজ, পৌর এবং ইউনিয়ন সম্মেলন পরিচালনা করছেন। তবে কলেজ, পৌরসভা ও ইউনিয়ন কমিটিতে নির্বাচন নিয়ে আছে অসন্তোষও। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা-কর্মী অভিযোগ করেছেন, অযোগ্য অনেককেই বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। যার প্রভাব আসন্ন দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে পড়তে পারে।