ফটিকছড়িতে জমি ও নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ধর্মপুর কমিটি হাটসংলগ্ন সর্তা নদীর পাড় ও ফসলি জমির বালু-মাটি কেটে দীর্ঘদিন ধরে অবাধে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি।সরেজমিনে দেখা গেছে, ধর্মপুর ইউনিয়নের কমিটি হাটের পাশ দিয়ে বয়ে গেছে সর্তা নদী। নদীতে জেগে উঠেছে খণ্ড খণ্ড চর। এসব চরে টমেটো, শিম, বেগুন, ধনিয়াসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছেন স্থানীয় কৃষকেরা। নদীর পশ্চিম পাড়ে মাটি কাটছিলেন একদল শ্রমিক, পাশের ফসলি জমির মাটি কাটছিলেন অন্য দল। অদূরে দাঁড়ানো দুটি ছোট ট্রাকে এনে ফেলা হচ্ছিল এসব মাটি। মাটি কাটায় নিয়োজিত শ্রমিক মুন্সি মিয়া (৪৫) ও আবদুল গনি (৩৮) বলেন, এসব মাটি উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক এবং স্থানীয় কয়েকজন ঠিকাদার কিনে নেন। দৈনিক ১৫-২০ জন শ্রমিক এখানে মাটি কাটা ও বালু তোলার কাজ করেন।ছোট ট্রাকচালক এরশাদ উল্লাহ জানান, তাঁরা প্রতি গাড়ি বালু ১০০-১৫০ টাকা এবং মাটি ২০০-২৫০ টাকা বালুমহালের ইজারাগ্রহীতাকে দেন। প্রতিদিন এখান থেকে ২০-২৫ গাড়ি বালু-মাটি বিক্রি করা হয় বলে জানান তিনি।ধর্মপুর গ্রামের সোলাইমান আকাশ বলেন, এলাকার ফসলি জমি রক্ষা এবং সর্তার ভাঙন রোধের জন্য অবাধে মাটি-বালু বিক্রির বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এ এলাকায় বালুমহাল ইজারা নিয়েছে এ টি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের মালিক মো. আবু তাহের বলেন, বালু তোলা হয়েছে ইজারাকৃত অংশ থেকে। আর মাটি কাটা হচ্ছে নিজস্ব জমি ও আশপাশের কয়েকজনের কাছ থেকে নিয়ে। নদীর পাড় ও ফসলি জমির বালু-মাটি কাটা হচ্ছে না বলে তিনি দাবি করেন। উপজেলার স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাফর বলেন, ফসলি জমির বালু-মাটি কাটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। মাটি ও বালু কেটে নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। কেউ কেটে থাকলে তা ঠিক হচ্ছে না। বিষয়টি দেখার কথা প্রশাসনের। দিন দিন এভাবে ফসলি জমির মাটি কেটে নেওয়ায় আবাদি জমি কমে আসছে বলে মন্তব্য করেন তিনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রউফ মিয়া বলেন, ‘এখানকার কিছু অংশের ইজারা দেওয়া হয়েছে। অবৈধভাবে মাটি-বালু তোলার অভিযোগও আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান প্রথম আলোকে বলেন, সর্তা নদীর পাড় বা ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হবে।