ফটিকছড়িতে জেলেদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল-বিলসহ জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় ফটিকছড়ি উপজেলার প্রায় ৮০০ জেলে পরিবারে চলছে দুর্দিন। ফলে উপজেলার প্রায় পাঁচ হাজার মানুষের অর্ধাহার-অনাহারে দিন কাটছে। উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, ফটিকছড়িতে হালদা নদী ছাড়াও রয়েছে ফেনী নদী ও সর্তা খাল। একসময় এসব নদী ও খালে বারো মাস পানি থাকত। কিন্তু চলতি মৌসুমে এগুলো শুকিয়ে যাওয়ায় জেলেরা পড়েছে বেকায়দায়। আয়রোজগারের পথ বন্ধ হয়ে গেছে তাঁদের।

অন্যদিকে উপজেলায় ছয় হাজার ৪৫২টি পুকুর ও ২৩টি ছোট-বড় খাল রয়েছে। এসব জলাশয়ও খরার কারণে শুকিয়ে গেছে। অল্প পানি রয়েছে ধুরুং ও তেলপারই খালে। কিন্তু স্রোত না থাকায় এই খাল দুটি থেকে মাছ ধরতে পারছেন না জেলেরা।

এলাকার জেলেরা জানান, নদী, খাল ও পুকুর পানিশূন্য হয়ে পড়ায় মাছ শিকার করতে না পেরে উপজেলার প্রায় ৮০০ জেলে পরিবারে চলছে এখন দুর্দিন। অনেকে এ পেশা ছেড়ে বাধ্য হয়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন।

সুন্দরপুর গ্রামের হালদা পাড়ের অধিবাসী জেলে আবুল হাসেম (৪২) বলেন, ‘এবার তীব্র খরার কারণে এলাকার খাল-বিল এমনকি হালদা নদীতে পর্যন্ত পানি নেই। বেকার বসে আছি। অন্য কোনো কাজ পারি না। তাই মৌসুম বদলের অপেক্ষায় রয়েছি।’ তেলপারই খাল পাড়ের আজিমনগর গ্রামের মো. ইদ্রিছ (৪০) বলেন, ‘আগে খাল-নদীতে জাল ফেলে প্রচুর মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। এখন পানি নেই। জাল ফেলার জায়গাও নেই। দিনমজুরি করি। অর্ধাহারেই সন্তানদের নিয়ে কাটতে হচ্ছে দিন।’

ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু তালেব জানান, নদী, খাল-বিলে পানি না থাকায় জেলেরা কোথাও মাছ শিকার করতে পারছেন না। এ জন্য তাঁদের জীবন-জীবিকার পথও রুদ্ধ হয়ে পড়েছে। বিকল্প কর্মসংস্থান না থাকায় তাঁরা বেকার হয়ে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। আয় বাড়লে তাঁদের জীবন-যাত্রার মানও ক্রমশ বাড়বে।