২৩ মার্চ অনুষ্ঠিতব্য ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে এবার প্রার্থীর ছড়াছড়ি। কেবল চেয়ারম্যান পদেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক ও চারজন বিএনপির। বড় দুই দলের প্রর্থিতা চূড়ান্ত না হলেও নির্বাচনকে কেন্দ্র করে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে ভোটারদের মধ্যে। তবে প্রার্থীরা এখন দলের সমর্থন আদায়ে ব্যস্ত।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান পদে ১৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রার্থী। যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় ১৩৩টি ভোটকেন্দ্রে ভোট দেবেন তিন লাখ ২৬ হাজার ৬৮৪ জন ভোটার।
দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে যাঁরা মনোনয়পত্র জমা দিয়েছেন, তাঁদের মধ্যে ১০ জন আওয়ামী লীগ, চারজন বিএনপি ও একজন জামায়াতে ইসলামীর সমর্থক। আওয়ামী লীগের সমর্থকেরা হলেন আফতাব উদ্দিন চৌধুরী (বর্তমানে চেয়ারম্যান), এম তৌহিদুল আলম, এস এম সোলাইমান, এইচ এম আবু তৈয়ব, নাজিম উদ্দিন মুহুরী, সৈয়দ মুহাম্মদ বাকের, রুস্তম আলী, এমদাদুল ইসলাম চৌধুরী, তসলিম বিন জহুর ও মুহাম্মদ শওকত হোসেন। বিএনপির সমর্থকেরা হলেন মো. ছালাহ উদ্দিন, মো. সারওয়ার আলমগীর, আরশাদ হোসেন ও ফরিদুল আলম এবং জামায়াতে ইসলামীর মাওলানা হাবিব আহমদ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী উত্তম কুমার মহাজন।
অপর দিকে, এই পদে বিএনপির সমর্থক প্রার্থী চারজন। তাঁরা হলেন এইচ এম নাসির উদ্দিন, জানে আলম, সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী ও মো. খোরশেদুল আলম। এ ছাড়া এই পদে জামায়াতে ইসলামীর সমর্থক আলমগীর মুহাম্মদ ইউনুস এবং ইসলামী ঐক্যজোটের সমর্থক মাওলানা আবু তালেব ও আশরাফ বিন ইয়াকুব মনোনয়ন জমা দিয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সমর্থক জেবুন নাহার ও রহিমা বেগম। এই পদে বিএনপির সমর্থক প্রার্থীরা হলেন রাহেনা বেগম, তসলিমা বেগম, তামান্না হাসনাত, নারগিস আকতার, শাহনেওয়াজ ইয়াসমিন ও রাজিয়া সুলতানা।
মনোনয়নপত্র দাখিলের পর থেকেই মাঠে রয়েছেন প্রার্থীরা। তাঁরা ভোটারদের দোয়া চাওয়ার পাশাপাশি সমর্থনও প্রত্যাশা করছেন।
জানা গেছে, বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেও সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে কাউকে সমর্থন দেওয়ার ব্যাপার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে যে কারও প্রার্থী হওয়ার অধিকার আছে। তবে মনোনয়নপত্র দাখিলের পর দলীয়ভাবে আলোচনা করে কাউকে সমর্থনের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, এখনো সময় আছে। দলীয় আলোচনায় যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবেন।