ফটিকছড়িতে পশুর সরবরাহ প্রচুর, বিক্রি কম
ফটিকছড়ির বিভিন্ন হাটে এবার পশুর সরবরাহ প্রচুর। তবে বিক্রি কম। বিক্রেতারা বলছেন, বাজারে উপচে পড়া ভিড় দেখা গেলেও বিক্রি সেভাবে হচ্ছে না। নাজিরহাট বাজারের বিক্রেতা আফজাল হোসেন জানান, বাজারে এবারও ভারতীয় গরু বেশি। এ ছাড়া দেশি গরুর সরবরাহও অনেক। কিন্তু হাটে যে পরিমাণ গরু উঠেছে, সে অনুযায়ী ক্রেতা নেই। নানুপুর বাজারের গরুর বেপারী লোকমান আলী জানান, বাজার মন্দা থাকার কারণে তিনটি গরু দুই হাজার টাকা লোকসানে বিক্রি করতে বাধ্য হয়েছেন। সব এলাকার চিত্র একই বলে তিনি মন্তব্য করেন। নাজিরহাট বাজারের ইজারাদার মো. বাবুল বলেন, অন্য বছরের তুলনায় এবার গরু বিক্রি কম। অবশ্য গতবারের চেয়ে এবার গরুর দাম ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে; যার জন্য সাধারণ ক্রেতারা আর একটু দাম কমার অপেক্ষায় আছেন।আজাদী বাজার এলাকার প্রবাসী আহম্মদ হোসেন বলেন, অন্যান্য বছর ঈদুল আজহা উপলক্ষে শতকরা ২০ ভাগ প্রবাসী দেশে ঈদ কাটান। কিন্তু এবার ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় থাকায় তাদের ভয়ে প্রবাসীরা কম এসেছেন। এদিকে বিবিরহাট বাজারের ইজারাদার মো. শফিউল আলম বলেন, যত্রতত্র অস্থায়ী গরুর হাট বসানোর কারণে এ বছর অনেক ব্যবসায়ী হাটে গরু এনে লোকসানে পড়েছেন। বিষয়টি উপজেলা পরিষদের কর্তৃপক্ষের কাছে জানালেও কোনো কাজ হয়নি।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, রাস্তার ধারে অবৈধভাবে বসা গরুর হাটে ইতিমধ্যে একাধিকবার অভিযান চালানো হয়েছে।