ফটিকছড়িতে প্রাথমিক শিক্ষা ব্যাহত ১৩ কর্মকর্তার মধ্যে আছেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জনবলসংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে। ১৩ জনের স্থলে পাঁচ কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে প্রাথমিক শিক্ষা কার্যালয়। এ ছাড়া শিক্ষকের পদ শূন্য রয়েছে ৯৫টি। ফলে প্রাথমিক শিক্ষার সুষ্ঠু মানোন্নয়ন হচ্ছে না। শিক্ষা কার্যালয়ে এসে নানান কাজে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ১৩৩টি সরকারি, ৫৭টি বেসরকারি ও ১৩টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬২ হাজার ৪৬৭ শিশু পড়ালেখা করে। তাদের জন্য ৭৫৪ জন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে প্রধান শিক্ষক ১৬ এবং সহকারী শিক্ষক পদে ৫৩, এডিবি খাতে ১৩ এবং পিইডিপি-২ খাতে ১৩টি পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয় পরিচালনার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা, সাত সহকারী শিক্ষা কর্মকর্তা, চার কার্যালয় সহকারী এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ রয়েছে। ১৩ পদের মধ্যে বর্তমানে আটটি পদই খালি। জানা যায়, ২০০৬ থেকে পর্যায়ক্রমে বেশ কয়েকজন সহকারী শিক্ষা কর্মকর্তা বদলি হন। বর্তমানে দায়িত্বে রয়েছেন তিনজন। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, ২০০৭ সালের ২৯ অক্টোবর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান দুদকের হাতে ঘুষের দায়ে গ্রেপ্তার হলে সাময়িক বরখাস্ত হন। তাঁর স্থলে বর্তমানে অঞ্জন চক্রবর্তী ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। কার্যালয় সহকারীর চারটি পদে খালি রয়েছে দুইটি। খালি রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদটিও। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সমপাদক মো. নাসির উদ্দিন জানান, কর্মকর্তা-কর্মচারীর অভাবে শিক্ষকেরা টাইম স্কেল, বকেয়া বেতন, উন্নীত বেতন স্কেল পাওয়াসহ নানান কাজে কার্যালয়ে এসে প্রায় সময় ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যাপ্ত তদারকি না থাকায় উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক জানান, গত বছরের জুলাইয়ে টাইম স্কেল পাওয়ার কথা। কিন্ত কয়েকমাস ধরে শিক্ষা কার্যালয়ে ঘুরেও তা পাওয়া যায়নি। ফলে প্রত্যেক মাসের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।সহকারী শিক্ষা কর্মকর্তা অঞ্জলি প্রভা শীল বলেন, কর্মকর্তাসংকটের কারণে উপজেলা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনা করা অনেক সময় সম্ভব হয় না। উপজেলার (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, পাঁচ কর্মকর্তা-কর্মচারী নিয়ে সামগ্রিকভাবে কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে। শূন্যপদগুলো পূরণে জেলা প্রাথমিক শিক্ষা কর্তাদের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের শূন্যপদগুলো পূরণের জন্য জেলার মাসিক সভায় প্রস্তাব করা হয়েছে। সরকারি নীতিমালার আলোকে এসব পদ পূরণ করা হবে।