ফটিকছড়িতে বাড়তি দামে ক্রেতার ক্ষোভ
ভ্যাপসা গরম, আবার হঠাৎ বৃষ্টি—কোনো কিছুই এখন আর বাদ সাধছে না। ক্রেতাদের পদভারে মুখর ফটিকছড়ি উপজেলার সব বিপণিকেন্দ্র ও পোশাকের দোকান। উপজেলার বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, ভূজপুর ও আজাদী বাজার এলাকা ঘুরে এই চিত্র পাওয়া যায়। তবে পোশাকের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
নানুপুর বাজারের মির্জা সেন্টারে গিয়ে দেখা যায়, পছন্দের শাড়ি কিনতে বিভিন্ন বয়সী নারীর ভিড় এই বিপণিকেন্দ্রের বিভিন্ন দোকানে। ক্রেতাদের জন্য পাতা চেয়ারে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়েই পোশাক দেখছেন।
তরুণীরা পছন্দের সালোয়ার-কামিজ ও লেহেঙ্গার জন্য ভিড় করছেন সদরের এম এম প্লাজা, হকার্স মার্কেট ও নাজিরহাট বাজারের এস এ সিটি সেন্টারে। এম এম প্লাজায় কথা হয় কয়েকজন তরুণীর সঙ্গে। তাঁরা জানান, বেশির ভাগ বিক্রেতাই থ্রি–পিসের দাম হাঁকছেন অনেক বেশি। কোনো উপায় নেই বলে বেশি দামেই কিনতে হচ্ছে। গত বছর তিন হাজার টাকায় কেনা সালোয়ার-কামিজ এবার ছয় হাজার হয়ে গেছে। এক লাফে দ্বিগুণ। অন্যান্য পোশাকেও একইভাবে দাম বেড়েছে।
নাজিরহাট বাজারের এস এ সিটি সেন্টারে কেনাকাটা করতে আসা গৃহিণী শারমিন সুলতানা বলেন, পোশাকে কয়েক গুণ বেশি দাম নেওয়া হচ্ছে। ক্রেতাদের কথা বিন্দুমাত্র ভাবছেন না দোকানিরা। এভাবে মুনাফা করতে হবে?
একই বিপণিকেন্দ্রে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসেন এনামুল হক। তাঁর কথায় ক্ষোভ ঝরে পড়ে। তিনি বলেন, এভাবে চলতে পারে না। ফটিকছড়ির সব মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দরকার।
নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘বেশি দাম নেওয়ার অভিযোগ আমরাও পেয়েছি। এসব ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।’
ব্যবসায়ীরা বলেছেন, এবার ‘শারারা’ নামের লেহেঙ্গাটির চাহিদা সবচেয়ে বেশি। তবে এসব লেহেঙ্গার নির্দিষ্ট কোনো দর নেই। একেক দোকানে একেক দাম হাঁকা হচ্ছে।
কেনাকাটায় পিছিয়ে নেই তরুণেরাও। তাঁরাও পছন্দের জিনস, টি-শার্ট আর পাঞ্জাবির জন্য বিবিরহাট বাজারের তেজেন্দ্র স্কয়ার, চৌধুরী মার্কেট ও সুলতান প্লাজায় ভিড় করছেন। এসব স্থানে ৮০০ থেকে ৩০০০ টাকায় জিনস প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।