ফটিকছড়িতে বোরো চাষাবাদ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির অভাবে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ধানি জমি শুকিয়ে যাওয়ায় বোরো চাষ ব্যাহত হচ্ছে। সবচেয়ে কম চাষ হয়েছে দৌলতপুর, রাঙামাটিয়া, জাফতনগর, রোসাংগিরি, নাজিরহাট ও খিরাম এলাকায়। ফলে এ মৌসুমে উপজেলায় এক হাজার ১০০ মেট্রিক টনের বেশি ধান কম উৎপাদন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় গত বছর বোরা চাষ হয়েছিল সাত হাজার ৬২০ হেক্টর জমিতে। চলতি বছর পানির সমস্যার কারণে লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয় সাত হাজার ২৭০ হেক্টর, যা গত বছরের তুলনায় ৪৫০ হেক্টর কম। এতে অন্তত এক হাজার ১০০ মেট্রিক টন ধান কম উৎপাদিত হবে। পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হালদা নদী এবং ধুরুং, লেলাং, তেরপারই খালসহ স্থানীয় উৎসগুলোতে পলি জমে পানিশূন্য হয়ে গেছে। খালের যেসব অংশে পানি আছে সেখানে লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্রগুলো বেশির ভাগ সময় বন্ধ থাকে। এলাকার গভীর নলকূপগুলোতেও চাহিদা অনুযায়ী পানি উঠছে না। ফলে পানির অভাবে ধানি জমিগুলা শুকিয়ে যাচ্ছে। দৌলতপুরের কৃষক সামসুল ইসলাম ও রাঙামাটিয়ার কৃষক আবদুল করিম জানান, শীত মৌসুমেও লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্রগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে। ফলে পানির অভাবে নতুন লাগানো চারাগুলো উঠতি বয়সেই মরে যাচ্ছে। লালচে হয়ে যাচ্ছে কৃষিজমি। জাফতনগরের আহমদ ছাফা বলেন, ‘পুরোনো তেলপারই খাল পলিতে ভরে যাওয়ায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না।’ রোসাংগিরি গ্রামের কৃষক ছালে আহমদ জানান, পানির অভাবে তিনি অন্তত ৮০ শতক বোরো জমিতে চাষ করতে পারেননি। এতে চলতি মৌসুমে খাদ্য সংকটে পড়ার আশঙ্কা করেছেন তিনি। একই রকম আশঙ্কা প্রকাশ করে নাজিরহাট এলাকার কুম্ভারপাড়ার এনায়েতউল্লাহ জানান, সেচের ব্যবস্থা করতে না পারায় আড়াই কানি জমিতেই তিনি চাষ করতে পারেননি। ফটিকছড়ি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘পুরো উপজেলার সেচকাজ পরিচালনায় ২১টি রেগুলেটরি কমিটি কাজ করছে। শুষ্ক মৌসুমের কারণে এলাকার নদী ও খালের পানি শুকিয়ে যাওয়ায় সেচকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, পানির উৎসগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়ছে। তবে অপেক্ষাকৃত উঁচু জমি বোরো চাষাবাদের আওতায় আসে না বলে তিনি মন্তব্য করেন। ফটিকছড়ি পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবু জাফর বলেন, ‘চলতি শুষ্ক মৌসুমে বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিং সামাল দেওয়া যাচ্ছে না।’ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী কৃষকদের বাঁচানোর লক্ষ্যে ইরি-বোরো স্কিমে সেচকাজে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানিয়েছেন।