ফটিকছড়িতে ভাঙারির ব্যবসা ঘিরে গড়ে উঠেছে চোরচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে ভাঙারির ব্যবসা ঘিরে গড়ে উঠেছে চোরচক্র। এসব দোকানি কম দামে মাদকসেবী ও ছিঁচকে চোরদের কাছ থেকে লোহাসহ চোরাই জিনিসপত্র কেনেন। এসব ব্যবসার ওপর প্রশাসনের তেমন নজরদারি না থাকায় প্রতিদিন চোরাই নানা সামগ্রী বিক্রি হচ্ছে দোকানগুলোতে। খোঁজ নিয়ে জানা যায়, ফটিকছড়ি সদরের বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, কাজিরহাট, তকিরহাট, হেঁয়াকোবাজার ও আজাদীবাজারসহ বিভিন্ন বাজারের আশপাশে এবং উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে শতাধিক ভাঙারি মালামাল বেচাকেনার দোকান। এসব দোকানে সেচ যন্ত্রাংশ, বৈদ্যুতিক মটর, ট্রান্সমিটার, দরজা ও জানালার গ্রিল, নলকূপের হাতল, যানবাহনের যন্ত্রাংশ, ইলেকট্রনিকস সামগ্রীসহ নানা জিনিসপত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, ভাঙারির দোকানে এসব জিনিসপত্র সরবরাহ করে ছিঁচকে চোর ও মাদকসেবীরা। মুখ ও হাতল চুরি হওয়ায় প্রায় শতাধিক নলকূপ বিভিন্ন এলাকায় অকেজো হয়ে পড়ে আছে। ফটিকছড়ির বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল-কলেজের সংস্কার কাজের জন্য আনা লোহা, তারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীও চুরি হচ্ছে।ব্যবসায়ীরা জানান, উপজেলার নানুপুর বাজার থেকে বিবিরহাট বাজার পর্যন্ত সড়কের পাশে ১০টি ভাঙারির দোকান রয়েছে। এ ছাড়া উপজেলায় আরও অর্ধশতাধিক ভাঙারির দোকান রয়েছে। নানুপুর গ্রামের বাসিন্দা জহুরুল আলম জানান, ২২ জুন তাঁর নির্মাণাধীন ভবনের জন্য আনা জানালার গ্রিল চুরি করে নিয়ে গেছে মাদকাসক্ত যুবকেরা। চুরি যাওয়া এসব সামগ্রীর দাম ৩০ হাজার টাকা বলে জানান। নাজিরহাট বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, ‘আমার নতুন নির্মিত বাড়ির ছাদের লোহা কেটে চুরি করে নিয়ে গেছে চোরের দল। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান।’মাইজভান্ডার দরবার শরিফ এলাকার ভাঙারি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা মালামাল যা পাই, টাকা দিয়ে কিনি। চোরাই নাকি ডাকাতির মাল তা দেখার দরকার কী? আমি ব্যবসায়ী, ব্যবসা করে জীবিকা নির্বাহ করি।’এ প্রসঙ্গে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ভাঙারি ব্যবসাকে ঘিরে চোরের চক্র গড়ে ওঠার কথা শোনা গেলেও ক্ষতিগ্রস্তদের কাছ থেকে এ পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। এ ছাড়া চোরের দল বিচ্ছিন্নভাবে এসব অপকর্ম করে। এতেও কোনো অভিযোগ পাওয়া যায় না। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।