ফটিকছড়িতে মাদকাসক্তদের উৎপাত বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর ফটিকছড়ি উপজেলায় মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। এদের বেশির ভাগই বয়সে তরুণ। প্রতিদিন সন্ধ্যার পর উপজেলা সদরের বিবিরহাট বাজার, মাইজভাণ্ডার রাস্তার মাথা ও নাজিরহাট ঝংকার প্রেক্ষাগৃহের আশপাশে এবং চা-দোকানে মাদকাসক্তদের আড্ডা বসে। অনেক সময় তুচ্ছ কারণে ঘটে অপ্রীতিকর ঘটনা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকায় এলাকাবাসী ক্ষিপ্ত।জানা গেছে, মাদকদ্রব্য সেবন ও বেচাকেনায় জড়িত ব্যক্তিদের ৯০ শতাংশই উঠতি যুবক-কিশোর। মাদকাসক্ত তরুণেরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।এলাকার বিভিন্ন স্থানে মদ, গাঁজা ও হেরোইন বিক্রি হচ্ছে।ফটিকছড়ি থানা সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াবিল ও খিরাম এবং খাগড়াছাড়ির মানিকছড়ি থেকে দেশি মদ ও ফেনসিডিলের চালান ফটিকছড়ির নানা এলাকায় ঢোকে। বিবিরহাটের মুদি দোকানি মোজাম্মেল জানান, সন্ধ্যায় মাতালদের উৎপাতে থাকা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ওদের সঙ্গে মিশতে দেখা যায়।নাজিরহাট ঝংকার সিনেমা হলসংলগ্ন সাগর স্টোরের স্বত্বাধিকারী আইয়ুব আলী জানান, ‘মাদকাসক্ত ব্যক্তিদের প্রতিরোধে আমরা ব্যক্তিগত উদ্যোগে অনেক চেষ্টা করেছি। দু-একদিন পরই আবার অদৃশ্য শক্তির বলে ওরা তৎপর হয়ে ওঠে।’হোসেন প্লাজার মালিক আলমগীর আলম বলেন, মদ বিক্রেতা ও সেবনকারীদের প্রতিরোধে সৎ ও নিষ্ঠাবান পুলিশ প্রশাসন প্রয়োজন।এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, ‘কিছু কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের অগোচরেই থেকে যায়। ঘটনাস্থল থেকে যে কেউ আমাদের জানালেই আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লেয়াকত আলী প্রথম আলোকে বলেন, প্রতিরাতেই মাদকাসক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালিত হয়। গত এক মাসে ২৩ জনকে গ্রেপ্তার এবং চারটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সঙ্গে মাদকাসক্তদের সম্পর্কের কথা ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।