ফটিকছড়িতে মাদকাসক্তদের উৎপাত বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে মাদকাসক্ত ব্যক্তিদের উৎপাত দিন দিন বাড়ছে। এদের অধিকাংশই তরুণ-যুবক-কিশোর। প্রতিদিন সন্ধ্যার পর উপজেলা সদরের আশপাশের আবাসিক এলাকাসহ বিভিন্ন চা-দোকানে মাদকাসক্ত ব্যক্তিদের আড্ডা বসে। এদের মধ্যে প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে ঘটে অপ্রীতিকর ঘটনা। জানা গেছে, ঝংকার প্রেক্ষাগৃহ এলাকার সফি কলোনি, মালেক কলোনি, শওকত কলোনি, ফরিদ কলোনি, দিদার কলোনি, মোস্তফা কলোনি এবং হাজি কলোনির আশপাশের কিছু ঝুপড়ি ঘরে মদ, গাঁজা ও হেরোইন বিক্রি হয়। কয়েকজন স্থানীয় বাসিন্দাও এ ব্যবসায় জড়িত। এখান থেকে বিবিরহাট ও মাইজভান্ডার এলাকায়ও মাদক সরবরাহ করা হয়।এলাকার লোকজন জানান, মাদকদ্রব্য সেবন ও বেচাকেনায় জড়িত ব্যক্তিদের ৯০ শতাংশই উঠতি তরুণ-যুবক-কিশোর। মাদকের টাকা জোগাড় করার জন্য এরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। বিশেষ করে ঝংকার প্রেক্ষাগৃহ এলাকায় এদের উৎপাত বেশি দেখা যায়। তাই ওই এলাকা দিয়ে যাওয়া-আসার সময় অপ্রীতিকর পরিস্থিতির শিকার হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ উৎকণ্ঠায় থাকেন।বিবিরহাটের ব্যবসায়ী ইফতেখার উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় মাতালদের উৎপাতে থাকা যায় না। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ওদের সঙ্গে মিশতে দেখা যায়।’নাজিরহাটের ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘মদ্যপ ব্যক্তিদের প্রতিরোধে আমরা বিভিন্ন সময় উদ্যোগে নিয়েছি। কিন্তু দুই-এক দিন পরই আবার অদৃশ্য শক্তির বলে ওরা তৎপর হয়ে ওঠে।’ স্থানীয় ব্যবসায়ী আলী আজম বলেন, ‘ওদের ভিত এতই শক্ত যে, গ্রেপ্তার হলেও কিছুদিন পর পুনরায় ফিরে আসে। মাদক ক্রেতা-বিক্রেতা ও সেবনকারীদের প্রতিরোধে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন।’ মাইজভান্ডার এলাকার বাসিন্দা মো. ইসমাইল জানান, মদ্যপ ব্যক্তিরা চুরি, ছিনতাই এমনকি নারীঘটিত অপরাধেও জড়িত হয়ে পড়ছে। থানা সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার উত্তরে মানিকছড়ি ও দক্ষিণাঞ্চলের খিরামসহ বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে বাংলা মদ ও ফেনসিডিলের চালান ফটিকছড়িতে প্রবেশ করে। এ ছাড়া, স্থানীয় বিভিন্ন চা-বাগান থেকেও প্রচুর বাংলা মদ আসে।থানার উপপরিদর্শক (এসআই) রূপল চন্দ্র দাশ বলেন, ‘কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা আমাদের অগোচরেই ঘটে থাকে। ঘটনাস্থল থেকে কেউ আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নিয়ে থাকি।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমা ভূঁইয়া জানান, প্রতি রাতেই মদ্যপ ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। গত মাসে ১৮ জনকে গ্রেপ্তার এবং চারটি মামলা হয়েছে। অভিযান নিয়মিত চলবে।