লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন ফটিকছড়ি উপজেলার গ্রামাঞ্চলের গ্রাহকেরা। কখনো কখনো দিন-রাত মিলে চার ঘণ্টাও বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। আর গড়ে পাওয়া যাচ্ছে সাত থেকে আট ঘণ্টা। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় উপজেলা সদরকে প্রাধান্য দেওয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না গ্রামাঞ্চল।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি উপজেলার দুই উপকেন্দ্রের (ফটিকছড়ি সদর ও আজাদী বাজার) নয়টি সঞ্চালন লাইনের আওতাধীন ৭৫ হাজার গ্রাহক রয়েছেন। এই গ্রাহকসংখ্যার বিপরীতে ফটিকছড়ি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি পাচ্ছে মাত্র ১০ থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ, চাহিদা রয়েছে ২০ থেকে ২২ মেগাওয়াট।
সমিতিরহাট এলাকার বাসিন্দা ও খাদিজা-মালেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বলেন, বিদ্যুৎ না পাওয়ায় বিদ্যালয়ের অনেক কাজ অসমাপ্ত থেকে যায়। কম্পিউটারে তথ্য লিপিবদ্ধ করতে না পারায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।
নানুপুর বাজারের পোলট্রি শিল্প ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, সকাল-বিকেল কিংবা রাত—কোনো সময়েই আধা ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। আর একবার গেলে আসে দুই-তিন ঘণ্টা পর। অথচ বিভিন্ন কাজে উপজেলা সদরে গেলে সেখানে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ থাকে।
উপজেলার আজাদী বাজারের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈষম্যের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কার্যালয়ে একাধিক লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতি-২–এর সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন, উপজেলা সদরে যথাসম্ভব কম লোডশেডিংয়ের অলিখিত নির্দেশ থাকায় এবং জাতীয়ভাবে চাহিদা অনুযায়ী উৎপাদন না থাকায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশ হচ্ছে। এটি বিদ্যুৎ বণ্টন বৈষম্যের আওতায় পড়ে।
এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) মো. আবু বক্কর বলেন, আপাতত হাটহাজারী পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় লোডশেডিং বেড়েছে। জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ যোগ হচ্ছে। ক্রমেই লোডশেডিং অনেকটা কমে যাবে। বৈষম্যের বিষয়ে তিনি বলেন, কেউ অভিযোগ দিলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।